টেসলার 'গোপন কথা জানাবেন' মাস্ক
টেসলার 'অত্যন্ত গোপন প্রধান পরিকল্পনা' নিয়ে শীঘ্রই দ্বিতীয় অংশ প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনটা জানান তিনি।
ওই টুইটে তিনি বলেন, "টপ সিক্রেট টেসলা মাস্টারপ্ল্যান, পার্ট ২ নিয়ে কাজ করছি। চলতি সপ্তাহের শেষে এটি প্রকাশের আশা করছি।" টেসলা গাড়ির দূর্ঘটনায় চালকের মৃত্যু আর সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান সোলারসিটি কর্পোরেশন-এর সঙ্গে টেসলাকে একীভূত করতে মাস্কের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্ম নেওয়ার পর পর এমন টুইট করলেন এই প্রযুক্তি গুরু- খবর রয়টার্সের।
চলতি বছর মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রোডে ৪০ বছর বয়সী জোসুয়া ব্রাউন যখন টেসলা মডেল এস চালাচ্ছিলেন, দূর্ঘটনাবশত গাড়িটি মালবাহী লরি'র নিচে চলে যায়। এই ঘটনার পর অবিলম্বেই মার্কিন কর্তৃপক্ষ এবং টেসলা নিজেও তদন্ত শুরু করে।
ব্লগে এক বিবৃতিতে টেসলা-র পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিটি এখনও মানোন্নয়ন পর্যায়ে আছে এবং এটি যখন চালকদের "যানবাহনের নিয়ন্ত্রণ এবং দায়িত্ব রক্ষা করতে” ব্যবহার করা হবে, তখন এটি তাদের জন্য একটি সহযোগী ফিচার হিসেবে ব্যবহৃত হবে। অটোপাইলট ফিচারটি “পরিসংখ্যানের দিক থেকে হিসেব করলে নিরাপত্তার পর্যাপ্ত উন্নতি করেছে" বলেও দাবি প্রতিষ্ঠানটির।
মে মাসে টেসলা, সোলারসিটি-কে কিনে নেওয়ার পরিকল্পনার কথা জানায়। মাস্ক নিজেই সোলারসিটি'র প্রধান হিসেবে নিয়োজিত আছেন।
