২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সফল ব্লু অরিজিন-এর রকেট

মানুষের মহাকাশ ভ্রমণের স্বপ্ন সত্যি করার লক্ষ্যে আরেক ধাক এগোলো মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ১৯ জুন সফল হয়েছে প্রতিষ্ঠানের যাত্রীবাহী ক্যাপসুল 'ব্লু শেফার্ড'-এর ক্র্যাশ ল্যান্ডিং পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 03:09 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

সিএনএন জানিয়ছে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস-এ আবারো সফলতার সঙ্গে অবতরণ করেছে ব্লু শেফার্ড। অবতরণের এই পরীক্ষায় ক্যাপসুলটিতে কোনো যাত্রী ছিল না।

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নতুন এই উদ্যোগের এটা ছিল চতুর্থ রকেট উড্ডয়ণ ও অবতরণ।

মহাকাশ ভ্রমণ অত্যন্ত ব্যয়সাপেক্ষ হওয়ায় এই ব্যয় কমাতে পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরি করেছে ব্লু অরিজিন। এযাবৎ মহাকাশে যেসকল রকেট ব্যবহার করা হয়ে আসছিলো সেগুলোর বেশিরভাগ শুধু একবার ব্যবহার করেই ধ্বংস করে দেওয়া হতো। পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরিতে সফল হওয়ায় মহাকাশ ভ্রমণে ব্যয় অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ব্লু অরিজিনের ব্যবসা এবং উন্নয়ন কৌশলী অ্যারিয়েন কোরনেল বলেন, "প্রথাগতভাবে প্রতিষ্ঠানগুলো কোটি কোটি ডলার এবং অনেক মানুষের সময় ব্যয় করে শুধু একবার ভ্রমণ করতে পারে এমন নতুন রকেট তৈরি করত। আমরা তার খুবই অল্প পরিমাণ ব্যয় করি রকেটি পুনরায় ব্যবহারের জন্য।"

তিনি আরও বলেন, "আমাদের রকেট অন্তত ৫০ বার ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যার খরচ একটি নতুন রকেটের মুল্যের সমান।"

আগামী দুই বছরের মধ্যেই যাত্রীদেরকে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে নেওয়ার প্রয়াস করছে ব্লু অরিজিন। এই যাত্রায় যাত্রীরা পৃথিবীর পরিমণ্ডলের ৬২ মাইল বাইরে সাবঅরবিটাল ভ্রমণ করতে পারবে। ১৯ জুন ক্যাপসুলটির এই সফলতার মাধ্যমে লক্ষ্যের আরেকটু কাছে এগিয়ে গেলো প্রতিষ্ঠানটি।

পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরিতে শুধু ব্লু অরিজিনই নয় এগিয়ে রয়েছে ইলন মাস্কের স্পেসএক্স-ও। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার রকেট উৎক্ষেপণ করেছে প্রতিষ্ঠান দু'টি। এমনকি ইতোমধ্যেই মহাকাশে ভ্রমণ শেষ করে সমুদ্রে অবতরণ স্থানে সফলতার সঙ্গে অবতরণ করেছে স্পেসএক্স-এর দুটি রকেট। এক্ষেত্রে রকেট দু'টি রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

                                                     ভিডিও: ব্লু অরিজিনের সৌজন্যে।