টিভি অনুষ্ঠানে নজর দিচ্ছে অ্যাপল
সঠিক প্রস্তাব পেলে নিজেদের মিউজিক, এমনকি টেলিভিশন অনুষ্ঠানসহ নানা অনলাইন কনটেন্ট প্রযোজনা করার কথা ভাববে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। দ্য নিকেইয়ের একটি সাক্ষাতকারে এমনটাই বলেন জিমি ইয়োভাইন।
অ্যাপলের অধীন বিটস ইলেকট্রনিক্স-এর সহ-প্রতিষ্ঠাতা ইয়োভাইন জানান, শুধু ‘অসাধারণ একটি আইডিয়া’ নিয়ে কেউ অফিসে এলেই তারা কাজে নেমে যাবেন। মার্কিন সাময়িকী ফরচুন জানায়, অ্যাপল এখনই এই কনটেন্টগুলো প্রযোজনার কথা ভাবছে কিনা তা নিয়ে বেশি কিছু বলেননি তিনি।
অ্যাপল বেশ কয়েক মাস ধরেই মৌলিক কনটেন্ট নিয়ে কাজ করার কথা ভাবছিল। এমনকি, মার্চে সঙ্গীত শিল্পী উইল.আইঅ্যাম আর টিভি সম্পাদক বেন সিলভারম্যান ও হাওয়ার্ড টি. ওয়েন্সের সঙ্গে মিলে মোবাইল অ্যাপের একটি নতুন সিরিজ বানানোর ঘোষণা দেওয়ার পরপরই ইয়োভাইনের মন্তব্য এল। আসন্ন সিরিজটি সঙ্গীতশিল্পী টেইলর সুইফট-এর ‘১৯৮৯’ অ্যালবামের ওয়ার্ল্ড টুরবিষয়ক 'এক্সক্লুসিভ' তথ্যচিত্র আর ‘অ্যাপল মিউজিক’ এর সঙ্গে বড় বড় সঙ্গীত শিল্পীদের এক্সক্লুসিভ সাক্ষাতকারের সঙ্গে থাকবে।
‘অ্যাপল টিভি’-এর জন্য সরাসরি সম্প্রচারিত টিভি স্ট্রিমিং সার্ভিস গড়ার চেষ্টা করছে অ্যাপল, বিভিন্ন প্রতিবেদন এমন আভাসই দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, যদিও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আর কনটেন্ট মালিকদের কাছ থেকে কিছুটা আশানুরূপ কোনো ফল পায়নি।
কনটেন্ট প্রযোজনা অ্যাপলকে স্ট্রিমিং সার্ভিস আর ভাল কনটেন্ট প্রযোজনাকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্স আর অ্যামাজনের কাতারে ফেলে দেবে। এই প্রতিষ্ঠানগুলোর ইতোমধ্যেই এমি মনোনয়ন ও জেতার মতো কিছু শো রয়েছে; যার মধ্যে অ্যামাজনের ‘ট্রান্সপারেন্ট’ আর নেটফ্লিক্সের ‘হাউজ অফ কার্ডস’ উল্লেখ্য।
অ্যাপলের সার্ভিস ব্যবসায় নতুন মাত্রা যোগ করতে পারে কনটেন্ট, যা সাম্প্রতিক সময়ে ভালই আলোচিত। শেষ ২৬ মার্চের সর্বশেষ আর্থিক মাসের প্রতিবেদনে অ্যাপল মিউজিকসহ অ্যাপলের সার্ভিস ব্যবসা প্রায় ৬শ' কোটি মার্কিন ডলার বেড়েছে যা প্রতিষ্ঠানটির লাভে ২০ শতাংশের যোগান দিয়েছে।
অ্যাপলের মৌলিক কনটেন্ট প্রযোজনায় ইয়োভাইন গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারেন। ২০১৪ সালে অ্যাপলের ৩শ' কোটি মার্কিন ডলারে ‘বিটস’ কেনার আগে, ডক্টর ড্রে’র সঙ্গে ইয়োভাইন একটি মিউজিক জায়ান্ট প্রতিষ্ঠান ‘ইন্টারস্কোপ রেকোর্ডস’ প্রতিষ্ঠা করেছিলেন। লেডি গাগাসহ অনেক তারকার ক্যারিয়ার উপরে উঠিয়ে দেওয়ার জন্য ইয়োভাইন পরিচিত।
অ্যাপলের জন্য মিউজিক আর টেলিভিশন শো প্রযোজনায় কাজে লাগবে এমন সব সূত্র ইয়োভাইনের আছে।
এই মে মাসেই একটি প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ২০১৫ সালের শেষের দিকে টাইম ওয়ার্নার কেনার কথা ভাবছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। ফিনান্সিয়াল টাইমস-এর ওই প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপল এখন সম্ভবত নেটফ্লিক্স কেনার কথা ভাবছে, যদিও টাইম ওয়ার্নারের মতো এটাও একটা কঠিন লেনদেন হবে।
যেটাই হোক, এটা বোঝা যাচ্ছে যে অ্যাপল আরেকটি বড় বিনোদনদাতা প্রতিষ্ঠান হতে যাচ্ছে।
ইয়োভাইনের মন্তব্য নিয়ে তৎক্ষণাৎই কিছু বলতে চায়নি অ্যাপল।
