এআই পরীক্ষার জন্য মাইনক্র্যাফট
কম্পিউটার বিজ্ঞানী আর গবেষকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভিডিও গেইম মাইনক্র্যাফটের দুনিয়া।
চলতি বছর জুলাই থেকে ব্যবহারকারীরা এই গেইমের ভার্চুয়াল ল্যান্ডস্কেপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বর্তমান এআই সফটওয়্যার আর রোবট বানানোর চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইয়ে মাইনক্র্যাফট অনেক বেশি সুবিধাজনক ও সস্তা ক্ষেত্র হবে বলে বিশ্বাস করেন কেমব্রিজের মাইক্রোসফট গবেষকরা, জানিয়েছে স্কাই নিউজ।
মাইক্রোসফটের এক ব্লগে, প্রতিষ্ঠানটির নিউ ইয়র্কভিত্তিক একজন গবেষক ফার্নান্ডো ডায়াজ জানান, তার দল গেইমটির জন্য একটি চরিত্র বানাতে যাচ্ছে, যা বিশেষায়িত কোনো কাজ না করে নিজে নিজে শিখতে ও নিজেকে উন্নত করতে সক্ষম হবে।
আরেক গবেষক কাটিজা হফম্যান জানান, সম্পূর্ণ উন্মুক্ত হওয়ার কারণে এ ধরনের গবেষণার জন্য মাইনক্র্যাফট একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তিনি বলেন, “আপনি সারভাইভাল মোড বানাতে পারেন, আপনি আপনার বন্ধুদের সঙ্গে ‘লড়াই তৈরি’ করতে পারেন, আপনি কোর্স করতে পারেন, আপনি আমাদের নিজস্ব গেইমগুলো প্রয়োগ করতে পারেন।”
চলতি বছরের শেষে ব্যবহারকারীরা মাইনক্র্যাফট নিয়ে তাদের পরীক্ষা শুরু করতে পারেন। এজন্য তাদেরকে আগে এআইএক্স প্ল্যাটফর্ম নামের ওপেন সোর্স ইনস্টল করতে হবে। এজন্য খরচ হবে গেমটির স্ট্যান্ডার্ড লাইসেন্স করতে যে খরচ হয় তার সমান।
