নেট নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে চায় চীন
ইন্টারনেট নিরাপত্তা বাড়াতে আর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী চীন, সফররত এফবিআই পরিচালক-কে এমনটাই জানিয়েছেন চীনের জন নিরাপত্তা মন্ত্রী।
রয়টার্স জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির মন্ত্রী গুয়ো শেংকুন, এফবিআই পরিচালক জেমস বি. কমে-কে জানান, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দিক থেকে পারস্পারিক বিশ্বাস আর আগ্রহের উপর সম্মান বাড়ানোয় আগ্রহী। ইন্টারনেট নিরাপত্তা আর সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে আইন প্রণয়ন আর নিরাপত্তা সহযোগিতায় দেশদুটির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা উচিত বলেও জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে, দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে এফবিআই আগ্রহী বলে জানান কমে।
যুক্তরাষ্ট্র আর চীনের পারস্পারিক সম্পর্কে হ্যাকিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের কোনো সরকারই নিজেদের স্বার্থের কথা ভেবে অপরের কর্পোরেট খাতের তথ্য চুরি সমর্থন করবে না- ২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এমন একটি বিষয়ে সহমত প্রকাশ করেন।
২০১৫ সালের জুনে সাইবার হামলার ঘটনায় ২ কোটি ২০ লাখ সরকারি কর্মকর্তার ব্যাক্তিগত ডেটা চুরির খবর জানায় মার্কিন সরকার। ওই হামলায় চুরি হওয়া ডেটা ব্যবহার করে চীনা ইন্টিলিজেন্স সংস্থা ভবিষ্যতে চীনে যেতে পারেন এমন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় শনাক্ত করতে পারে বলে আশংকা করা হয়। এই আশংকা মার্কিন সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক জেমস ক্ল্যাপার ওই হামলার পেছনে চীনের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন।
একই বছর ডিসেম্বরে সাইবার হুমকি মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি বৈঠক হয় বলে সে সময়ে চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছিল।
ওই খবরে বলা হয়, “আলোচনায় অংশ পাওয়া অনেকগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের ব্যাক্তিগত ডেটা চুরির বিষয়ে চীনা হ্যাকারদের দায়ী করা। প্রথমদিকে এটি চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া বলে যুক্তরাষ্ট্র সন্দেহ করলেও, তদন্তের পর এটি একটি সন্ত্রাসী মামলায় পরিণত হয়েছে।”
