লিফট, জিএম-এর যৌথ উদ্যোগ
চালকদের নিজস্ব মালিকানাধীন গাড়ি থাকার বাধ্যবাধকতা উঠিয়ে দিয়েছে অ্যাপের মাধ্যমে পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান লিফট। সোমবার জেনারেল মোটর্স (জিএম) -এর সঙ্গে একটি রেন্টাল প্রোগ্রাম চালুর মাধ্যমে এ সুবিধা দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি।
চাহিদামাফিক স্বয়ংক্রিয় গাড়ির একটি নেটওয়ার্ক সৃষ্টি করাই প্রতিষ্ঠানদুটির মধ্যে দুই মাসের এই অংশীদারিত্বের বৃহত্তর উদ্দেশ্য বলে জানিয়েছে রয়টার্স। এ খাতে উবার-কে টেক্কা দিতে গাড়িচালকদের লিফট অ্যাপ ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠানটির সর্বশেষ পদক্ষেপ।
এই প্রোগ্রাম জানুয়ারিতে স্যান-ফ্রান্সিসকোভিত্তিক লিফট-এ জিএম-এর করা ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি অংশ। এ কার্যক্রম শুরু করতে জিএম চলতি মাসের শেষে শিকাগোতে ১২৫ টি শেভ্রোলে ইকুইনোক্স গাড়ির একটি বহর চালু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানদুটি।
লিফট প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা জন জিমার বলেন, “আমরা বাজারের উভয়পক্ষেই গাড়ির মালিকানা ঐচ্ছিক করে দিয়েছি।” তিনি আরও জানান, লিফট ব্যবহারে যাত্রীদের নিজের গাড়ি থাকার প্রয়োজন নেই এবং এখন এর জন্য কাজ করতে চালকদেরও নিজস্ব মালিকানাধীন গাড়ি থাকার প্রয়োজন থাকবে না।
জিমার জানান, এ প্রোগ্রামের অধীনে গাড়িচালকেরা ৮ সপ্তাহের জন্য গাড়ি ভাড়া নিতে পারবেন। যাত্রা সংখ্যার উপর ভিত্তি করে এর জন্য খরচ পড়বে সাপ্তাহিক ৯৯ ডলার পর্যন্ত। যেসব গাড়িচালক সপ্তাহে কমপক্ষে ৬৫টি যাত্রা পূর্ণ করতে পারবেন, তাদের ক্ষেত্রে এর সঙ্গে মাইলপ্রতি ২০ সেন্ট যোগ হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ বিনামূল্যে পর্যন্ত এ সুবিধা ভোগ করতে পারবেন তারা।
এক্সপ্রেস ড্রাইভ প্রোগ্রাম আগামী বছরের মাঝামাঝি সময়ে ওয়াশিংটন ডি.সি., বস্টন ও বাল্টিমোরে চালু হবে বলে প্রতিষ্ঠানদুটি জানায়। লিফট এবং জিএম রক্ষণাবেক্ষণ এবং বীমার ব্যয় বহন করবে। প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনো রেভিনিউ ভাগের ব্যাপার থাকবে না বলে জানিয়েছে জিএম। তবে এই প্রোগ্রামের আর্থিক কাঠামো সম্পর্কে আর কোনো তথ্য দিতে অনীহা প্রকাশ করেন তিনি।
এ চারটি শহর থেকে লিফটের কাছে এরই মধ্যে দেড় লাখ আবেদন জমা পড়েছে। কিন্তু গাড়িতে চার দরজা না থাকা এবং অন্যান্য শর্ত পূরণ না করার কারণে এসব গাড়ি চালানোর আবেদন অনুমোদিত হয়নি।
উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে, স্বয়ংক্রিয় যানবাহনের একটি নেটওয়ার্ক সৃষ্টির উদ্দেশ্যে এই রেন্টাল কার প্রোগ্রাম প্রথম পদক্ষেপ। এই উদ্যোগ এক বিশাল গাড়িবহরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অবকাঠামো প্রতিষ্ঠা করবে।
এর আগে অক্টোবরে লিফট হার্টজের মাধ্যমে কার রেন্টাল প্রোগ্রাম চালুর চেষ্টা চালিয়েছে।
