২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাপল সফটওয়্যারে কোনো সমস্যা নেই’

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ব্যাপারে সম্ভবত এখন অধিকাংশ মানুষেরই মন্তব্য হচ্ছে —প্রতিষ্ঠানটির উচিত নিজেদের অনলাইন সফটওয়্যার ও সেবা নিয়ে ‘কাজ করা’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

কারণ, সম্প্রতি একের পর এক অ্যাপল সেবায় বাগ ধরা পড়ছে। অনেক ক্ষেত্রে আবার এসব বাগের কারণে বিকল হয়ে যাচ্ছে ব্যবহারকারীর সাধের অ্যাপল ডিভাইস। বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা ও তর্ক/বিতর্ক করেছেন অ্যাপলের উচ্চপদস্থ নির্বাহী ও সফটওয়্যার সেবার দায়িত্বে থাকা এডি কিউ ও সফটওয়্যার প্রকৌশলীদের প্রধান ক্রেইগ ফেডেরিঘি।

আলোচনায় তারা জানিয়েছেন, এসব বাগ যারা খুঁজে বের করছেন, তারা যে শুধু সমস্যাটির ব্যাপারে জানাচ্ছেন তা নয়, সে সঙ্গে এটিও প্রকাশ করছেন সমস্যাটিতে কত মানুষ আক্রান্ত হচ্ছেন। নিজেদের মৌলিক সফটওয়্যার প্রসঙ্গে ফেডেরিঘি বলেছেন, “আমি জানি, গত ৫ বছরে আমাদের সফটওয়্যারের মান আরও উন্নত হয়েছে, কিন্তু সমস্যা ও ব্যবহারকারীদের প্রত্যাশাও তাল মিলিয়ে বাড়ছে।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “চিন্তা করুন, আপনি আপনার আইফোন, আইপ্যাড, ম্যাকের পেছনে কত সময় ব্যয় করে থাকেন, সেটি কিন্তু আমরা জানি, কারণ আমরা প্রতিদিন ‘ইউসেজ মেট্রিক্স’ দেখি। এর মানে হচ্ছে, যখন বিশ্বব্যাপী শত কোটি মানুষ এভাবে ডিভাইস ব্যবহার করেন, তখন সমস্যা ধরা পড়বেই। এমন অনেক মানুষ আছেন যারা এরকম সমস্যা বের করতে পারবেন, এখন সে বিষয়টিই শুধু বেড়েছে।”

ফেডেরিঘি আরও বলেন, “যে কোনো সফটওয়্যার প্রকৌশলী আপনাকে জানাবেন যে সফটওয়্যার বাগ নেই এমন কোনো সফটওয়্যার এখন পর্যন্ত তৈরি হয়নি। বাগ ধরা পড়লে আমরা বুঝতে পারি আসলে ঠিক কতজন মানুষ সফটওয়্যারটি ব্যবহার করছেন।” অন্যদিকে এডি কিউ এ প্রসঙ্গে বলেছেন, “আমরা দাবি করছি না যে আমাদের কোনো বাগ বা সমস্যা নেই, প্রত্যেকটি সফটওয়্যারেই এ ধরনের সমস্যা রয়েছে। আমর বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত।”

বর্তমানে বিশ্বে একশ কোটি অ্যাকটিভ অ্যাপল ডিভাইস রয়েছে বলে জানিয়েছে তারকা, ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। মূলত এত পরিমাণ অ্যাপল ব্যবহারকারীর কারণেই এত বেশি সফটওয়্যার ত্রুটি ধরা পড়ছে, আলোচনায় সে বিষয়টিই প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বলেই মন্তব্য করেছে সাইটটি।