ক্লাউডে মাইক্রোসফটের সাফল্য
ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবসায় শক্ত অবস্থানে আছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। শুধু ক্লাউড সেবা থেকেই ২০১৫ সালের শেষ ৩ মাসে প্রতিষ্ঠানটির আয় ৫ শতাংশ বেড়ে ৬৩০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে ডলার বিনিময় হারের পরিবর্তন আর বিশ্ববাজারে পিসি বিক্রির হার ক্রমশ হ্র্যাস পাওয়ায় ৩১ ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় কমেছে ১৫ শতাংশ। সব মিলিয়ে মুনাফা ১০.১ শতাংশ হ্রাস পেয়ে নেমে এসেছে ২৩৮০ কোটি ডলারে।
শেষ প্রান্তিকের আয় আর মুনাফা উভয় কমলেও বাজার বিশ্লেষকরা যেমনটা আশঙ্কা করেছিলেন, মাইক্রোসফট তার থেকে ভালো অবস্থানে আছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অন্যদিকে ক্লাউড আর মোবাইল অ্যাপ খাতে মাইক্রোসফটের সাফল্য বেশ ইতিবাচক দৃষ্টি থেকে দেখছেন বাজার বিশ্লেষকরা। “মাইক্রোসফট গুরুত্ব হারাচ্ছে বলে যারা মনে করছেন, তাদের উচিত প্রতিষ্ঠানটির দিকে আরেকবার তাকানো।”—মন্তব্য করেছেন এনপিডি গ্রুপের বাজার বিশ্লেষক স্টিফেন বেকার। বিশ্ববাজার এখন সফটওয়্যার নির্ভর, আর মাইক্রোসফটও একটি সফটওয়্যার প্রধান প্রতিষ্ঠান হিসেবে শক্ত অবস্থানে আছে বলেই মত তার।
ক্লাউডে মাইক্রোসফটের সাফল্য নিয়ে আরও ‘সোজাসাপ্টা’ মন্তব্য করেছেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট প্রতিষ্ঠান নরওয়েস্ট ভেঞ্চার্স-এর ম্যাট হাওয়ার্ড। তার মতে, “Microsoft had nailed the cloud”।
ক্লাউড খাত থেকে গেল বছর সব মিলিয়ে ৯৪০ কোটি ডলার আয় করেছে মাইক্রোসফট। ওই সময়ে মধ্যে মাইক্রোসফট ৮২০ কোটি ডলার আয় করবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাজার বিশ্লেষকরা।
