২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলো ‘রান বাংলাদেশ’

২০১৬ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন। বান্দরবানে অনুষ্ঠিতব্য ‘নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন’ সামনে রেখে তৈরি করা হয়েছে “রান বাংলাদেশ” নামের একটি অ্যাপ। অংশগ্রহণকারীরা তাদের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে ডাউনলোড করে নিলে এটি সহজেই দৌড়বিদকে তার গন্তব্যে নিয়ে যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার-এর উদ্যোগে এটি নির্মাণ করেছে গ্রিন কোডারের পরিচালক পারভেজ রশিদ এবং দলনেতা রাশেদুজ্জামান রাসেল। এই প্রথম বাংলাদেশের পর্যটন, অ্যাডভেঞ্চার ও ম্যারাথনভিত্তিক কোনো মোবাইল অ্যাপ নির্মাণ করা হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে এভারেস্ট একাডেমি।

১২ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে ‘রান বাংলাদেশ’-এর উদ্বোধন উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির বলেন, “বাংলাদেশের পর্যটন বহুমাত্রিক। দেশের বন, নদী, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনাসহ সাধারণ পর্যটন আকর্ষণের যতগুলো জায়গা রয়েছে, তার পাশাপাশি এখন মানুষের খাবার-দাবার, জীবনযাপন, কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি এখন পর্যটন খাতের মধ্যে চলে এসেছে। বিদেশী পর্যটকদের আগ্রহের কেন্দ্রই এখন কমিউনিটি ট্যুরিজম। এসব নিয়েই “রান বাংলাদেশ” মোবাইল অ্যাপটি নির্মাণ করা হল।” ধীরে ধীরে বাংলাদেশের সব ধরনের পর্যটনের বিষয় এই অ্যাপে যুক্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান জেলার প্রধান ট্যুরিস্ট স্পটগুলোও ওই অ্যাপটিতে পাওয়া যাবে। এছাড়াও সাধারণ রানিং অ্যাপগুলোর অন্যান্য বৈশিষ্ট্য যেমন – কতটুকু দূরত্ব পার হলো, গন্তব্য কতো দুরে আছে, রানারের কতটুকু শক্তি ব্যয় হলো, দৌড়ের গতি কত, সর্বোচ্চ বা সর্বনিম্ন গতি কত ফিচার আছে ‘রান বাংলাদেশ’ অ্যাপটিতে।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য তৈরি ‘রান বাংলাদেশ’-এ জিপিএস এবং গুগল ম্যাপের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও অ্যাপসের সকল ফিচার নিখুঁতভাবে প্রদর্শনের জন্য অপটিমাইজড অ্যালগরিদমও থাকছে যাতে এর ডেটা সঠিক থাকে। সেই সঙ্গে যদি কারও স্মার্টফোনে বান্দরবানে ম্যারাথনে অংশ নেয়ার সময় ইন্টারনেট না থাকে, তিনি আগেই অ্যাপ থেকে ম্যাপ ডাউনলোড করে নিয়ে অফলাইন ভার্সন ব্যবহার করে ম্যারাথন শেষ করতে পারবেন। আর অ্যাপটি মোবাইল ‘এনার্জি এফিসিয়েন্ট’ করা হয়েছে, এতে ব্যাটারির চার্জ খরচ হবে বলে জানিয়েছেন নির্মাতারা।