আধিপত্য চাই হুয়াওয়েই-এর
২০১৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ডেটা স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান হতে চায় চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়েই। একইসঙ্গে স্থানীয় বাজারের পাশাপাশি ইউরোপের বাজারেও ‘ইএমসি কর্পোরেশন’-এর মতো শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে চায় প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে রয়টার্সকে হুয়াওয়েই-এর স্টোরেজ প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট ফ্যান রুইকি বলেন, “আমরা শুধু চীনে ১ নম্বর থাকতে চাইনা, ২০১৮-এর মধ্যে বিশ্বের প্রথম তিনের মধ্যে থাকতে চাই”। বিশ্ব বাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫৩০ কোটি মার্কিন ডলার।
ডেটা স্টোরেজের বাজারে আধিপত্য বাড়াতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের দিকে নজর হুয়াওয়েই-এর। ডেটা স্টোরেজ খাতে প্রতি বছর ৬০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন রুইকি, ২০১৪ সালে যা ছিল ৫৫.৬ শতাংশ। আয়ের হার নিয়ে কোনো মন্তব্য না করলেও পশ্চিম ইউরোপ, ইতালি আর স্পেইনে হুয়াওয়েই-এর অবস্থান শক্তিশালী বলে জানিয়েছেন তিনি। ২০১৮-এর মধ্যে ডেটা স্টোরেজ খাতে হুয়াওয়েই-এর আয় ২শ’ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করছেন তিনি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার-এর প্রতিবেদন অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্টোরেজ ব্যবসার এক চতুর্থাংশ ছিল শেনচেন ভিত্তিক হুয়াওয়েই-এর দখলে।
