টকটক হ্যাক: ভুক্তভোগী দেড় লাখ
হ্যাকিংয়ের ঘটনায় ভুক্তভোগীদের সংখ্যা নিশ্চিত করেছে ব্রিটিশ টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টকটক। হ্যাকিংয়ের ঘটনায় ১ লাখ ৫৬ হাজার ৬৫৯ গ্রাহকের ডেটা হ্যাকাররা চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যাকাররা প্রতিষ্ঠানটির ১ লাখ ৫৭ হাজার গ্রাহকের কোনো না কোনো ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়েছে। ব্যাংক আকাউন্টসংশ্লিষ্ট সম্পূর্ণ তথ্য এবং সর্ট কোড চুরি হয়েছে ১৫ হাজার ৬৫৬ জন ব্যবহারকারীর।
অন্যদিকে ডেবিট ও ক্রেডিট কার্ডসংশ্লিষ্ট আংশিক তথ্য চুরি হয়েছে ২৮ কাজার ব্যবহারকারীর। তবে ওই আংশিক তথ্যের ভিত্তিতে হ্যাকাররা কার্ডের মালিককে চিহ্নিত করতে পারবে না বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করতে পারবে না বলে জানিয়েছে টকটক।
অক্টোবরের শেষ ভাগে ভুক্তভোগী গ্রাহকদের সংখ্যা সম্পর্কে প্রায় একই রকমের তথ্য দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে এবার ভুক্তভোগীদের সংখ্যা একদম নিশ্চিত করেই জানাল টকটক।
হ্যাকারদের চুরি করা ডেটার মধ্যে আছে টকটক গ্রাহকদের আর্থিক তথ্য, নাম, ঠিকানা, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেসের মতো বিভিন্ন ব্যক্তিগত তথ্য। তবে গ্রাহকদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
