২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিপসেট ডিজাইন করবে গুগল!

নিজস্ব অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চিপসেট ডিজাইন করা শুরু করতে পারে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি নিজস্ব অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চিপসেট ডিজাইন করা শুরু করলে একদিকে যেমন ‘জেনেরিক হার্ডওয়্যার’ পাবে ডিভাইসগুলো, তেমনি ডিভাইসের সর্বোচ্চ কার্য্যক্ষমতা ব্যবহারের সুযোগ মিলবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 05:17 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি বড় জটিলতা হচ্ছে, অনেকটা আলাদা আলাদা যন্ত্রাংশ বিভিন্ন জায়াগা থেকে নিয়ে এসে জুড়ে দিয়ে বানানো পিসির মতো করে কাজ করে ডিভাইসগুলো। এক্ষেত্রে ওই পিসির যন্ত্রাংশগুলো একক ভাবে সেরা হতে পারে, কিন্তু একটি অন্যটির সঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন না করায় ওই পিসি থেকে সর্বোচ্চ কার্য্যক্ষমতা পাওয়া যায় না কখনোই।

আর অ্যান্ড্রয়েড ডিভাইসের অবস্থাও অনেকটাই ওই পিসির মতো বলে জানিয়েছে টেকট্রি। গুগল, ডিভাইস নির্মাতা, থার্ড পার্টি ডেভেলপার এমন কয়েক স্তর ঘুরে বাজারে আসে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো। আর এই তিন স্তরের মধ্যেকার দূরত্বের ভুক্তভোগী হন ব্যবহারকারী।

এই অবস্থা পরিবর্তনের জন্য নিজস্ব নেক্সাস ডিভাইসের জন্য এবার সম্ভবত চিপসেট ডিজাইন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে গুগল। এতে নিজস্ব ডিভাইসের কার্য্যক্ষমতা সম্পর্কে যেমন পরিষ্কার ধারণা থাকবে তেমনি গুগল ও অ্যাপ ডেভেলপারদের ডিভাইসের ব্যাটারি খরচ কমিয়ে রেখেই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে।

হার্ডওয়্যার সরবরাহকারীদের সঙ্গে এর মধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছে গুগল। তবে গুগলের সঙ্গে জোট বেঁধে নেক্সাস ডিভাইস নির্মাণ করছে এমন সব প্রতিষ্ঠানকে একই চিপসেটের ব্যবহারে সম্মত করতে গুগলকে বেশ বেগ পেতে হবে বলে জানিয়েছে টেকট্রি।

দীর্ঘ দিন ধরেই নিজস্ব ডিভাইসের চিপসেট নিজেরাই ডিজাইন করে আসছে বাজারে গুগলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপল। প্রায়োগিক ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে কাগজ-কলমে বা হার্ডওয়্যারের হিসেবে অ্যান্ড্রয়েড ডিভাইসের তুলনায় দুর্বল মনে হলেও বিভিন্ন জরিপের হিসেব বলে অ্যাপলের হার্ডওয়্যারে গ্রাহক সন্তুষ্টি শতকরা প্রায় একশ’ ভাগ।