২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজির’ সুফল পাচ্ছে শিয়াওমি

ভারতের বাজারে প্রবেশের পর ব্যাপক সাফল্য পাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা ‘শিয়াওমি’। চলতি বছরের জুলাই থেকে সেপ্টম্বর মাসের মধ্যে দেশটিতে ১০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

চীনের বাজারে যোগ দেওয়ার পর ১২ মাসে ৩০ লাখ স্মার্টফোন বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। সেই তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১০ লাখ স্মার্টফোনের বিক্রি প্রতিষ্ঠানটির জন্য আলাদা সুখবর বয়ে আনছে—এক প্রতিবেদনে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্ববাজারে ৮ থেকে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছ শিয়াওমি। বিনিয়োগকারীদের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির বাজার মূল্য এখন ৪ হাজার ৬শ’ কোটি ডলার।

তুলনামূলক নতুন প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে শিয়াওমি। ব্যয়বহুল স্মার্টফোন সাশ্রয়ী দামে বিক্রি এবং হার্ডওয়্যার থেকে নূন্যতম মুনাফা রাখার ব্যবসা কৌশলের কারণে খুব দ্রুত বাজারে নিজেদের আলাদা অবস্থান গড়ে নিতে পেরেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে নিজের দেশ চীনেই শিয়াওমির ব্যবসা কৌশল নকল করার চেষ্টা করে সফল হওয়ার চেষ্টা করছে একাধিক প্রতিষ্ঠান। এর ফলে ৮ থেকে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন প্রতিষ্ঠানটির জন্য ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সাম্প্রতিক সময়ে ‘ইন্টারনেট মুখী’ হয়েছে ভারতের প্রযুক্তি বাজার। চীনে যে ব্যবসা কৌশল অবলম্বন করে সফল হয়েছিল শিয়াওমি, সেটি ভারতের বাজার থেকেও সুফল বয়ে আনছে প্রতিষ্ঠানটির জন্য। “শিয়াওমির সাম্প্রতিক সাফল্য এটাই প্রমাণ করে যে এর ব্যবসা কৌশল ভারতেও কাজ করে।”—মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিউগো বাররা।