২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি শিল্পে ‘চমক’ দেখছেন অ্যাপল প্রধান

অটোমোবাইল খাতে ‘বৈপ্লবিক পরিবর্তন’ আসছে বলে ইঙ্গিত দিয়েছেন টেক জায়ান্ট অ্যাপল প্রধান টিম কুক। আর কুকের এই মন্তব্যকে প্রযুক্তি জগতের অনেকেই বিবেচনা করছেন ‘ইঙ্গিতপূর্ণ’ হিসেবে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:05 AM

Updated : 22 Aug 2022, 01:36 PM

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কুক বলেন, “আমি যখন অটোমোবাইলের দিকে তাকাই, আমি দেখি সফটওয়্যার ভবিষ্যতের গাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আমি মনে করি, এই খাত এখন বৈপ্লবিক পরিবর্তন আনার মতো একটি জায়গায় এসেছে, শুধু ক্রমবর্ধমান পরিবর্তন নয়।”

চালকবিহীন গাড়ি প্রযুক্তি আর অ্যাপল কারপ্লে নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। মানুষ গাড়িতে একটি ‘আইফোন অভিজ্ঞতা’ পাবেন- এমন ইচ্ছার কথা জানান তিনি।

ইতোমধ্যে ২০১৯ সালে অ্যাপলের ‘প্রজেক্ট টাইটান’-এর অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ হবে বলে প্রযুক্তিপণ্যের বাজারে শোনা যাচ্ছে জোর গুজব।

ভবিষ্যতে কোন বাজারে প্রবেশ করতে যাচ্ছে তা নিয়ে আগাম ‘ইঙ্গিত’ দেওয়ার একটি ‘ধারা’ আছে অ্যাপলের। এক বছর আগে কুক ‘স্মার্টওয়াচ’ নিয়ে ইঙ্গিত করার পরই অ্যাপল ওয়াচ উন্মোচন করা হয়। সেই হিসাবে, ২০১৯ সালে অ্যাপলের ‘বৈদ্যুতিক গাড়ি’ আশা করাই যায়— জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নিয়ে অ্যাপলের সম্ভাব্য কিছু পদক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও।