পরিবার গুছিয়ে রাখতে নতুন ‘সিসি’ এআই টুল আনল গুগল
কাগজপত্র সাজানো ও রেজিস্ট্রেশন ফরম পূরণ বা শপিং লিস্ট তৈরির মতো কাজগুলোও সিসি’র মাধ্যমে সামলানো সম্ভব।
পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবন ও কাজ আরও সুশৃঙ্খল রাখতে নতুন এক পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্ম এনেছে গুগল, যা শেয়ার করা তথ্য, ক্যালেন্ডার এবং রুটিন ব্যবস্থাপনার মাধ্যমে পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে রাখবে।
নতুন পরীক্ষামূলক এ এআই প্ল্যাটফর্মটির নাম ‘সিসি’।
এজেন্টিক এআই প্ল্যাটফর্মটির নিজস্ব গুগল অ্যাকাউন্ট রয়েছে, যেখানে পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য নিজেদের তথ্য শেয়ার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল বলেছে, প্রত্যেক ব্যবহারকারী ঠিক কোন কোন ইমেইল এ এজেন্টের সঙ্গে শেয়ার করবেন তা নিজে বেছে নিতে পারবেন।
ব্যবহারকারীরা চাইলে প্রয়োজন সাপেক্ষে যে কোনো একক বার্তা ফরোয়ার্ড করতে বা নির্দিষ্ট কিছু ইমেইল ঠিকানা সেট করে দিতে পারবেন। এখানকার বিভিন্ন মেইল স্বয়ংক্রিয়ভাবে সবসময় সিসি অ্যাকাউন্টে চলে যাবে।
এ ছাড়া, শেয়ার্ড ক্যালেন্ডার ও টাস্ক লিস্ট তৈরি করে সিসি, যা পরিবারের সব সদস্য দেখতে পাবেন। পাশাপাশি, আসন্ন বিভিন্ন ইভেন্ট ও করণীয় কাজের তথ্য সম্বলিত দৈনিক সারসংক্ষেপ সব অংশগ্রহণকারীকে পাঠিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।
কাগজপত্র সাজানো ও রেজিস্ট্রেশন ফরম পূরণ বা শপিং লিস্ট তৈরির মতো লজিস্টিক বা প্রাতিষ্ঠানিক কাজগুলোও সিসি’র মাধ্যমে সামলানো সম্ভব।
তবে এসব কাজে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার জন্য টুলটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
গুগল গেল ডিসেম্বরে এ টুলটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে এ বছরের শুরুতে সেটির নাম পরিবর্তন করে কোম্পানির ‘ডেইলি ব্রিফিং’ ফিচার হিসেবে রূপান্তর করা হয়।
এখন প্রাথমিক পরীক্ষকদের অনুরোধের ভিত্তিতে গুগল ‘সিসি’ প্রজেক্টটিকে পরিবারকেন্দ্রিক অর্গানাইজার হিসেবে নতুন রূপ দিচ্ছে।
ব্যবহারকারীরা চাইলে ড্রাইভ ফোল্ডারে ‘সিসি’ যোগ বা এআই এজেন্টের সঙ্গে নির্দিষ্ট কিছু ফাইল শেয়ার করতে পারবেন।
এ ছাড়া, একটি ডেডিকেটেড গুগল চ্যাট উইন্ডোর মাধ্যমেও এর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব।
গুগল তাদের ‘এফএকিউ’তে এআই এজেন্টের প্রাইভেসি ও সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু সীমাবদ্ধতার কথা বলেছে। এর মধ্যে রয়েছে, সিসি চাইলেই পরিবারের কোনো সদস্যকে যোগ বা বাদ দিতে পারবে না ও সদস্যদের ব্যক্তিগত ইনবক্সে প্রবেশ বা তা সার্চ করার ক্ষেত্রেও এর ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
যারা আগে থেকেই সিসি ব্যবহার করে আসছেন গুগল তাদের প্রম্পটের মাধ্যমে অ্যাকাউন্ট আপগ্রেড করতে ও নতুন এসব টুল ব্যবহার করে দেখার আমন্ত্রণ জানাবে।
অন্যদিকে, এ এজেন্টিক পদ্ধতির মাধ্যমে নিজেদের দৈনন্দিন পরিকল্পনা ও গোছগাছের কাজ আউটসোর্স করতে ইচ্ছুক নতুন ব্যবহারকারীদের জন্য বর্তমানে ওয়েটলিস্ট বা অপেক্ষমান তালিকা রেখেছে মার্কিন সার্চ জায়ান্টটি।
