১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানুষের জন্য এআই প্রযুক্তির কোনো দরকার নেই: ব্রায়ান মে

রক ব্যান্ড কুইনের গিটারিস্ট ব্রায়ান মে’র দখলে রয়েছে ইউকে টপ চার্টের ছয়টি ১ নম্বর সিঙ্গেল ও ১০টি শীর্ষ অ্যালবামের রেকর্ড।

মানুষের জন্য এআই প্রযুক্তির কোনো দরকার নেই: ব্রায়ান মে
এই রক তারকা বলেছেন, এআই প্রযুক্তির এই অগ্রগতির জন্য পরিবেশ ও বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 01:49 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

‘উই উইল উই উইল রক ইউ’ গানের গিটারিস্ট ব্রায়ান মে বলছেন, মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কোনো প্রয়োজনই নেই। 

জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কুইন-এর লিড গিটারিস্ট স্যার ব্রায়ান মে কেবল রকস্টারই নন, তিনি একইসঙ্গে জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। একটি গ্রহাণুর নামকরণও হয়েছে তার নামেই।

এআই প্রযুক্তির ক্ষতিকর দিক ও এর অবকাঠামোগত বিস্তারের তীব্র সমালোচনা করে এই রক তারকা সতর্ক বলেছেন, এআই প্রযুক্তির এই অগ্রগতির জন্য পরিবেশ ও বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ৭৯ বছর বয়সী সংগীতশিল্পী এআই প্রযুক্তি ও এর জন্য প্রয়োজনীয় অবকাঠামোর প্রভাব নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

নিজের বক্তব্যের ধরন বোঝাতে তিনি এআই দিয়ে তৈরি তাদের ১৯৮০ সালের জনপ্রিয় অ্যালবাম ‘গেইম’-এর একটি রিক্রিয়েটেড বা পুনর্বিন্যস্ত কাভার ছবিও শেয়ার করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, “বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমি মেটা এআই’কে গেইম অ্যালবামের কাভার কেমন দেখতে ছিল তা দেখাতে বলেছিলাম। আর তারা আমাকে এমনটা বানিয়ে দিয়েছে, দারুণ কাজ, তাই না? তাহলে এ ধরনের বুদ্ধিমত্তাই খুব শিগগির সারা পৃথিবী শাসন করতে যাচ্ছে?”

ক্ষোভ প্রকাশ করে মে আরও লিখেছেন, “বেশ তো, হয়ত এখনই সময় আমাদের এটা উপলব্ধি করার যে, এআই প্রযুক্তি আমাদের সত্যিই প্রয়োজন নেই।

“তবে গুরুত্বের সঙ্গে বলছি, এ ‘অনিবার্য’ উন্নতির জন্য আমরা যে মূল্য দিতে যাচ্ছি তা অনেক বেশি।”

যুক্তরাজ্যে এআই প্রযুক্তির জন্য ডেটা সেন্টার বসানোর তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন, “আমাদের এসব অনাকাঙ্ক্ষিত ডেটা সেন্টার যুক্তরাজ্যে তৈরি হতে দেওয়া একেবারেই উচিত হবে না। এগুলো আমাদের সুন্দর দেশটাকে ধ্বংস করে দেবে, যেভাবে এরইমধ্যে সুন্দর আমেরিকাকে ধ্বংস করছে।”

ওই পোস্টে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ব্রায়ান মে লিখেছেন, “প্রিয় অ্যান্ডি, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার এটা এখনই বন্ধ করা উচিত।”

লাইভ এইড কনসার্টে ফ্রেডি মার্কারির সঙ্গে ব্রায়ান মে। কুইনের ওই পরিবেশনাকে রক কনসার্টের ইতিহাসে অন্যতম সেরা পারফর্মেন্স বলে বিবেচনা করা হয়। ছবি: কুইন প্রোডাকশন্স লিমিটেড

লাইভ এইড কনসার্টে ফ্রেডি মার্কারির সঙ্গে ব্রায়ান মে। কুইনের ওই পরিবেশনাকে রক কনসার্টের ইতিহাসে অন্যতম সেরা পারফর্মেন্স বলে বিবেচনা করা হয়

এআইয়ের পক্ষে ও বিপক্ষে বিশ্বের একাধিক বিনোদনশিল্পী ও তরকা যখন অবস্থান নিচ্ছেন ঠিক তখনই ব্রায়ান মে’র পক্ষ থেকে এমন কড়া মন্তব্য এল।

এর  বিপরীত দিকও আছে। গত মে মাসে ‘আইভর নভেলো অ্যাওয়ার্ডস ২০২৬’-এ স্পেশাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নেওয়ার সময় ‘ফোর নন ব্লন্ডস’ ব্যান্ডের গায়িকা লিন্ডা পেরি বলেছিলেন, শিল্পীদের উচিত এআইকে ‘আপন করে নেওয়া’ ।

“আমার কাছে মনে হয় এআই এমন আরেকটি প্রযুক্তি বা টুল, যা মানুষের জীবনকে কোনো না কোনোভাবে সহজ করার জন্য এসেছে।

“যেমনটি আমি আগেও বলেছি, যখন মাইক্রোওভেন প্রথম এল সবাই ভেবেছিল রাতের খাবার বানানোর দিন বুঝি শেষ। মা-বোনেরা হয়ত ওভেনে খাবার ফেলে রাখবে আর চোখের পলকে এক চিমটি গুঁড়ো মশলা থ্যাংকসগিভিংয়ের রোস্টে পরিণত হয়ে যাবে, ঠিক যেমনটা আমরা জেনসনস কার্টুনে দেখতাম। তবে বাস্তব তো তা হয়নি।”

ভবিষ্যতের দিক ইঙ্গিত করে পেরি বলেছিলেন, “প্রযুক্তিই আগামীর ভবিষ্যৎ, আমাদের একে মেনে নিতেই হবে। কারণ আমরা যদি ভবিষ্যৎ থেকে পালিয়ে বেড়াতে চাই তবে সমস্য সমাধানের পথ থেকেই দূরে সরে যাব।”

মতামত আছে সব দিকেই। জুলাইয়ে ‘মার্কারি প্রাইজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স মিউজিক প্রযোজক নিয়া আর্কাইভস বলেছেন, এআই দিয়ে তৈরি সংগীত ‘বেশি দিন টিকবে না’।

“সত্যি বলতে এআই মিউজিক কত দিন টিকবে তা নিয়ে আমার সংশয় আছে। আমার মনে হয় এটা সাময়িক এক প্রযুক্তিগত জোয়ার মাত্র।”

রক ব্যান্ড কুইনের সদস্য হিসেবে স্যার ব্রায়ান মে যুক্তরাজ্যের ইউকে চার্টে ছয়টি এক নম্বর একক গান ও ১০টি এক নম্বর অ্যালবামের রেকর্ড গড়েছেন।

ব্যান্ডের কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘কিলার কুইন’, ‘ক্রেজি লিটল থিং কলড লাভ’ ও ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’।

স্যার ব্রায়ান মে-র মন্তব্যের বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাগড়া দেয়নি মেটা।