বুস্টার ফিরলেও কক্ষপথ হারাল ব্লু অরিজিনের স্যাটেলাইট
২০২৮ সালে নাসার ‘আর্টেমিস ফোর’ অভিযানের জন্য ব্লু অরিজিনের ‘ব্লু মুন’ ল্যান্ডার উৎক্ষেপণের লক্ষ্যেই এ রকেটটি তৈরি করা হচ্ছে।
বড়সড় এক বড় বাধার মুখে পড়েছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। তাদের শক্তিশালী রকেটটি মহাকাশে গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে বসাতে পারেনি।
তবে এই মিশনে রকেটটির গুরুত্বপূর্ণ অংশ বুস্টার নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় ভবিষ্যতের জন্য আশার আলোও দেখছে কোম্পানিটি।
রোববার একটি স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটির ‘নিউ গ্লেন’ রকেট। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রোববারের এ উৎক্ষেপণটি ছিল নিউ গ্লেন রকেটের তৃতীয় মিশন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, ২০২৮ সালে নাসার ‘আর্টেমিস ফোর’ অভিযানের জন্য ব্লু অরিজিনের ‘ব্লু মুন’ ল্যান্ডার উৎক্ষেপণের লক্ষ্যেই এ রকেটটি তৈরি করা হচ্ছে।
এ অভিযানের মূল লক্ষ্য ছিল ‘এএসটি স্পেসমোবাইল’-এর তৈরি বিশালাকার এক ‘ব্লুবার্ড ৭’ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে দেওয়া। তবে নিউ গ্লেন রকেটের উপরের অংশ থেকে আলাদা হওয়ার পরপরই স্যাটেলাইট থাকা পেলোডটি হারিয়ে যায়।
এক বিবৃতিতে এএসটি স্পেসমোবাইল বলেছে, “স্যাটেলাইটটি রকেট থেকে আলাদা ও সচল হয়েছে ঠিকই তবে এর উচ্চতা এতই কম যে নিজস্ব থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে তা টিকে থাকতে পারবে না। ফলে স্যাটেলাইটটিকে কক্ষপথ থেকে সরিয়ে ফেলা বা ধ্বংস করা হবে।”
‘ব্লুবার্ড ৭’ স্যাটেলাইটটি সরাসরি স্মার্টফোনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল, যার প্রাথমিক কার্যক্রম এ বছরই শুরুর পরিকল্পনা ছিল ব্লু অরিজিনের।
তবে এ মিশনের সাফল্যের মধ্যে অন্যতম হচ্ছে ‘নিউ গ্লেন’ রকেটের প্রথম স্তরের বুস্টার রকেটের নিরাপদ প্রত্যাবর্তন। এর আগে নভেম্বরের এক মিশনেও ঠিকঠাক উৎক্ষেপণ ও অবতরণ করেছিল বুস্টারটি।
‘নেভার টেল মি দ্য অডস’ নামে পরিচিত এ নিউ গ্লেন বুস্টার রকেটটি ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের ফ্যালকন ৯, ফ্যালকন হেভি ও স্টারশিপ রকেটের মতো পুনরায় ব্যবহারযোগ্যতার প্রমাণ দিয়েছে।
আটলান্টিক মহাসাগরে এক জাহাজের ওপর বুস্টার রকেটটির সফলভাবে অবতরণের ভিডিও শেয়ার করেছে ব্লু অরিজিন।
বেজোসকে এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন স্পেসএক্স প্রধান মাস্ক।
মাস্ক নিজেও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ফ্যালকন ৯ রকেটকে ড্রোন শিপে অবতরণ করতে দেখা গেছে, যা ছিল স্পেসএক্সের পক্ষ থেকে সফলভাবে পৃথিবীতে বুস্টার রকেট ফিরিয়ে আনার ছয়শতম ঘটনা।
বর্তমানে কোম্পানিটি তাদের স্টারশিপ রকেটের ১২তম পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী মে মাসের কোনো এক সময়ে টেক্সাসে অবস্থিত তাদের স্টারবেইস কেন্দ্র থেকে উৎক্ষেপণের কথা রয়েছে।
রোববারের উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং চলাকালীন ব্লু অরিজিনের কর্মকর্তারা বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে চাঁদে মনুষ্যবিহীন মিশনে তাদের ‘মার্ক ১ ব্লু মুন’ ল্যান্ডার পাঠাতে নিউ গ্লেন রকেট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তবে সাম্প্রতিক এ ব্যর্থতা সেই সময়সূচীতে কোনো প্রভাব ফেলবে কি না তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ব্লু অরিজিন।
