১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ ‘কেউ পাবে না’: ট্রাম্প

প্রশ্ন উঠছে, চীনে ব্লাকওয়েল চিপের ছোট সংস্করণের চালান পাঠাতে অনুমতি দেবেন কি না ট্রাম্প। ওই সময় ইঙ্গিত মিলেছিল চিপ বিক্রির অনুমোদন দিতে পারেন তিনি।

এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ ‘কেউ পাবে না’: ট্রাম্প
আমেরিকার অত্যাধুনিক বিভিন্ন এআই চিপের ওপর আগের চেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত বিভিন্ন চিপ কেবল যুক্তরাষ্ট্রের কোম্পানির জন্যই সংরক্ষিত থাকবে এবং চীন ও অন্যান্য দেশে সেগুলো বিক্রি হবে না বলে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রোববার আমেরিকান সংবাদমাধ্যম সিবিএস-এর জনপ্রিয় ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সম্প্রচারিত এক রেকর্ড করা সাক্ষাৎকারে এবং এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মন্তব্যে ট্রাম্প বলেছেন, কেবল মার্কিন গ্রাহকরাই বাজার মূলধনের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার উন্নতমানের ব্ল্যাকওয়েল চিপ ব্যবহার করতে পারবে।

“কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপগুলো আমরা কেবল যুক্তরাষ্ট্রের জন্যই রাখব, অন্য কাউকে দেব না। আমরা অন্য কাউকে ব্ল্যাকওয়েল চিপ দেই না।”

রয়টার্স লিখেছে, ট্রাম্পের এমন মন্তব্য থেকে ইঙ্গিত মেলে, আমেরিকার অত্যাধুনিক বিভিন্ন এআই চিপের ওপর আগের চেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন তিনি। এতে চীন ও সম্ভবত বিশ্বের অন্যান্য দেশ এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ পাবে না।

এর আগে, জুলাইয়ে এক নতুন এআই নীতি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। যার মাধ্যমে সরকার চাইছে, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়ম শিথিল ও কেবল মার্কিন মিত্র দেশগুলোতেই আরও বেশি করে এআই প্রযুক্তি রপ্তানি করতে। উদ্দেশ্য হল প্রযুক্তিতে চীনের সঙ্গে আমেরিকার সুবিধা বজায় রাখা।

শুক্রবার এনভিডিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ায়  ‘স্যামসাং ইলেকট্রনিকস’-এর মতো বড় বিভিন্ন কোম্পানিকে ২ লাখ ৬০ হাজারেরও বেশি ব্লাকওয়েল এআই চিপ সরবরাহ করবে তারা।

অগাস্ট থেকেই প্রশ্ন উঠছে, চীনে ব্লাকওয়েল চিপের ছোট সংস্করণের চালান পাঠাতে অনুমতি দেবেন কি না ট্রাম্প। কারণ ওই সময় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এমন চিপ বিক্রির অনুমোদন দিতে পারেন তিনি।

এখন ট্রাম্প বলছেন, চীনা কোম্পানির কাছে এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল চিপ বিক্রি করতে দেবেন না তিনি। তবে চীনের জন্য এনভিডিয়ার কম সক্ষমতাওয়ালা চিপ পাওয়ার পথও উড়িয়ে দেননি টাম্প।

“আমরা চীনকে এনভিডিয়ার সঙ্গে লেনদেন করতে দেব, তবে তা কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপের ক্ষেত্রে নয়।”

গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সামিটের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চিপ নিয়ে আলোচনা করতে পারেন তিনি। তবে ট্রাম্প বলেছেন, শেষ পর্যন্ত এই বিষয়টি আলোচনায় আসেনি।

গত সপ্তাহে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছিলেন, কোম্পানির প্রতি বেইজিংয়ের অবস্থানের কারণে চীনা বাজারের জন্য মার্কিন রপ্তানি লাইসেন্স চায়নি তারা।