Published : 06 Mar 2026, 03:05 PM
হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো অ্যাপগুলো নিরাপত্তার খাতিরে যখন এনক্রিপশনকে গুরুত্ব দিচ্ছে তখন টিকটক জানিয়ে দিল, ব্যবহারকারীদের মেসেজে এনক্রিপশন যোগ করবে না তারা।
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি বিবিসিকে বলেছে, অ্যাপের ভেতরে পাঠানো ‘ডাইরেক্ট মেসেজ’ বা সরাসরি বার্তাগুলোতে তারা ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুরক্ষা দেবে না। কারণ তাদের ধারণা, এতে ব্যবহারকারীদের নিরাপত্তা উল্টো কমে যায়।
লন্ডন অফিসে নিরাপত্তা বিষয়ক আয়োজিত এক ব্রিফিংয়ে টিকটক বলেছে, এ প্রযুক্তি ব্যবহার করলে প্রয়োজন হলে তাদের নিরাপত্তা দল বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহারকারীদের বার্তা পড়তে পারবে না।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, বিষয়টিকে সুচিন্তিত এক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছে বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি, যাতে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের, বিশেষ করে অল্পবয়সীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ থাকলে কেবল প্রেরক ও প্রাপকই একে অপরকে পাঠানো বার্তাগুলো পড়তে পারেন। বাইটড্যান্সের অবস্থান চীনে, সেখানে সাধারণত টিকটক ব্যবহৃত হয় না।
তবে টিকটক স্পষ্ট করে বলেনি, তাদের এ সিদ্ধান্তের পেছনে মূল কোম্পানির কোনো প্রভাব রয়েছে কি না।
প্লাটফর্মটি বলেছে, তাদের অ্যাপের মাধ্যমে পাঠানো বিভিন্ন বার্তা এখনও সাধারণ এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ এলে বা কোনো ক্ষতিকর আচরণের বিষয়ে ব্যবহারকারী রিপোর্ট করলে কেবল তখনই অনুমোদিত কর্মীরা সেইসব বার্তা দেখতে পারেন।
‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধাওয়ালা অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে ব্যবহারকারীদের হাতে আরও বিকল্প আছে, যেমন অ্যাপলের আইমেসেজ ও গুগল মেসেজেস।
এ ছাড়াও রয়েছে ফেইসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগনাল। নিরাপদ মেসেজিং সুবিধা চাইলে ব্যবহারকারীদের জন্য টিকটক সঠিক জায়গা নয়।
এদিকে, টিকটকের মার্কিন অঙ্গপ্রতিষ্ঠানটিও একই অবস্থানে রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন ব্যবসা আলাদা করার জন্য একটি চুক্তি সই করেছিল টিকটক, যা এখন ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার’ নামে পরিচিত। ওরাকলসহ চীনের বাইরের একদল বিনিয়োগকারী এ অ্যাপের ৮০ শতাংশ শেয়ার কিনেছে, যেখানে বাইটড্যান্সের হাতে রয়েছে কেবল ১৯.৯ শতাংশ শেয়ার।
নতুন কোম্পানিটিই এখন যুক্তরাষ্ট্রে কনটেন্ট মডারেশনের দায়িত্বে থাকবে এবং মার্কিন ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করে টিকটকের অ্যালগরিদমকে নতুন করে প্রশিক্ষণ দেবে।