১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে ২০০ কোটি ডলারের এআই প্রকল্প এনভিডিয়া-ইয়োটার

বর্তমানে ভারতে জেনারেটিভ এআইয়ের চাহিদা বাড়ছে ও উন্নত কম্পিউটিং ব্যবস্থা দেশের ভেতরেই রাখার চেষ্টা চলছে।

ভারতে ২০০ কোটি ডলারের এআই প্রকল্প এনভিডিয়া-ইয়োটার
ভারতে এনভিডিয়ার অন্যতম পার্টনার ইয়োটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ভারতে ২০০ কোটি ডলার ব্যয়ে এশিয়ার অন্যতম বড় এআই হাব তৈরি করছে দেশটির শীর্ষ ডেটা সেন্টার কোম্পানি ইয়োটা ডেটা সার্ভিসেস। এ প্রকল্পটিতে ব্যবহৃত হবে এনভিডিয়া’র সর্বাধুনিক চিপ।

বুধবার ইয়োটা ডেটা সার্ভিসেস বলেছে, এশিয়ার অন্যতম বড় এআই কম্পিউটিং হাব প্রকল্পে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার নতুন ‘ব্ল্যাকওয়েল আল্ট্রা’ চিপ ব্যবহৃত হবে।

কোম্পানিটি বলেছে, এ প্রকল্পের আওতায় এনভিডিয়ার সঙ্গে তাদের চার বছরের চুক্তি হয়েছে, যার মূল্য ১০০ কোটি ডলারের বেশি। এর অধীনে ইয়োটার অবকাঠামোতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বড় ‘ডিজিএক্স ক্লাউড ক্লাস্টার’ তৈরি করবে এনভিডিয়া।

রয়টার্স লিখেছে, বর্তমানে ভারতে জেনারেটিভ এআইয়ের চাহিদা বাড়ছে ও উন্নত কম্পিউটিং ব্যবস্থা দেশের ভেতরেই রাখার চেষ্টা চলছে। এ সুযোগ নিতে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো কোম্পানিগুলো ভারতে তাদের এআই ডেটা সেন্টারের সক্ষমতা বাড়াচ্ছে, ঠিক সে সময়ই এ বড় ঘোষণা দিল ইয়োটা।

এ বিনিয়োগ এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে উন্নত এআই চিপের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বদলে যাচ্ছে। ফলে বিভিন্ন কোম্পানি ভারতের মতো বাজারগুলোতে নিজেদের অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী হচ্ছে।

এ ‘সুপারক্লাস্টার’ প্রকল্পটি এ বছরের অগাস্টের মধ্যে চালু হবে। নয়া দিল্লির কাছে অবস্থিত ইয়োটার ডেটা সেন্টার ক্যাম্পাসে বসানো করা হবে এ হাব। পাশাপাশি এতে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের সেন্টার থেকেও অতিরিক্ত সেবা মিলেবে।

ভারতীয় ধনকুবের নিরঞ্জন হিরানন্দানির রিয়াল এস্টেট গ্রুপের অংশ ইয়োটা। ভারতে এনভিডিয়ার অন্যতম পার্টনারও ইয়োটা এবং বর্তমানে মুম্বাই, গুজরাট ও নয়া দিল্লির কাছে তাদের তিনটি ডেটা সেন্টার ক্যাম্পাস রয়েছে।