Published : 07 Jul 2026, 02:37 PM
শ্যাম্পু থেকে শুরু করে কুকি, বৈশ্বিক বিভিন্ন নামী ব্র্যান্ডের নিত্যনতুন পণ্য উদ্ভাবনে এবার যোগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
রয়টার্স লিখেছে, ক্রেতাদের দ্রুত পরিবর্তনশীল রুচির সঙ্গে তাল মেলাতে ও উৎপাদন খরচ কমাতে ল’ওরিয়াল বা মন্ডেলেজের মতো বড় কোম্পানিগুলো এখন এআই ব্যবহার করছে, যা বছরের কাজ নামিয়ে এনেছে কেবল কয়েক মাসে।
ফরাসি প্রসাধনী কোম্পানি ল’ওরিয়াল তাদের ত্বকের যত্নে ব্যবহৃত বিভিন্ন উপাদানের অণু বা মলিকিউল পরীক্ষা করতে এআই ব্যবহার করছে, যার উদ্দেশ্য সেইসব উপাদানকে শ্যাম্পুর মতো চুলের যত্নের পণ্যে কীভাবে নতুন করে ব্যবহার করা যায় তা খুঁজে বের করা।
এর মাধ্যমে কোম্পানিটি এখন আগের চেয়ে চার গুণ দ্রুত নতুন পণ্য তৈরি করতে পারছে বলে রয়টার্সকে জানিয়েছেন ল’ওরিয়ালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
কেবল ল’ওরিয়ালই নয়, নেসক্যাফের মালিক কোম্পানি নেসলে, সেনসোডাইন টুথপেস্টের নির্মাতা ‘হ্যালিওন’ ও চকলেট উৎপাদক ‘মন্ডেলেজ’-এর মতো বড় বৈশ্বিক কোম্পানিগুলোও পণ্য উদ্ভাবনে এআই ব্যবহার করছে।
এসব কোম্পানির শীর্ষ কর্তারা বলেছেন, এআই তাদের পণ্যের বিভিন্ন উপাদান দ্রুত পরীক্ষা করতে, নতুন রেসিপির ধারণা তৈরিতে ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করছে। ক্রেতাদের দ্রুত পরিবর্তনশীল রুচির সঙ্গে তাল মেলাতে, দ্রুত নতুন পণ্য বাজারে আনতে ও উৎপাদন খরচ কমাতে এসব ভোক্তা কোম্পানি পণ্য উন্নয়নে এআই ব্যবহারের ওপর জোর দিচ্ছে।
ল’ওরিয়ালের কনজিউমার প্রোডাক্টস ইউনিটের প্রেসিডেন্ট ফ্যাব্রিচ মেগারবেন বলেছেন, তারা চার বছর আগে থেকেই নিজেদের বিভিন্ন ল্যাবে এআই ব্যবহার শুরু করেছেন। ত্বকে বা চুলে কোনো উপাদানের প্রভাব কেমন হতে পারে তা আগেভাগেই অনুমানের মাধ্যমে তারা সৌন্দর্য পণ্যের জন্য নতুন নতুন অণু বা মলিকিউল শনাক্ত করতে পেরেছেন।
ল’ওরিয়ালের সাম্প্রতিক বড় উদ্ভাবন হচ্ছে, তারা ত্বকের যত্নে ব্যবহৃত বিভিন্ন মলিকিউল এমন এক শ্যাম্পুর জন্য নতুন করে ব্যবহার করেছে, যা চুলে কোলাজেন সরবরাহ করে চুলকে ‘আরও ঘন ও প্রাণবন্ত করে তোলে’।
জুনের শেষদিকে ভিয়েনায় অনুষ্ঠিত ‘কনজিউমার গুডস ফোরাম’-এর গ্লোবাল সামিটে মেগারবেন বলেছেন, “এসব মলিকিউলের নতুন নতুন সমন্বয় ও এগুলোর নতুন সব কার্যকারিতা কল্পনা করার মাধ্যমে আমরা এখন সত্যিই অনেক দ্রুত কাজ এগিয়ে নিতে পারছি।”
গত বছরগুলোতে ল’ওরিয়ালের সার্বিক বিক্রি বৃদ্ধির গতি বেশ মন্থর হয়ে পড়েছিল। ফলে পণ্য উদ্ভাবনের গতি বাড়াতে ল’ওরিয়ালের সিইও নিকোলাস হিরোনিমাস গেল বছর ‘বিউটি স্টিমুলাস প্ল্যান’ বা সৌন্দর্য উদ্দীপনা পরিকল্পনা চালু করেছিলেন।
পণ্য উদ্ভাবনের সময় কমিয়ে আনছে এআই
এআইয়ের সহায়তায় মানুষের পণ্য উদ্ভাবন প্রক্রিয়াকে মন্ডেলেজের চিফ ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল অফিসার ফিলিপো ক্যাটালানো রয়টার্সের কাছে ‘গেইম-চেইঞ্জার’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
এআই প্রযুক্তি কোম্পানিটিকে তাদের পণ্য তৈরির প্রক্রিয়া দ্রুত করতে ও বিভিন্ন রেসিপিকে নতুন আঙ্গিকে সাজাতে সাহায্য করেছে।
কোম্পানিটি বলেছে, এআই এমন সব নতুন ও সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপির আইডিয়া বা ধারণা তৈরি করতে পারে, যা পরবর্তীতে একজন মানব বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়।
ক্যাটালানো বলেছেন, “এর মাধ্যমে আপনি নিজের রেসিপি তৈরির পদ্ধতিকে সবচেয়ে কার্যকর করে তুলতে পারবেন।”
তিনি বলেছেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় একক কোনো উৎসের ওপর নির্ভরতা কমে এবং ক্রেতাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল রুচির সঙ্গে তাল মিলিয়ে ফর্মুলা বা রেসিপিতে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।
মন্ডেলেজের এ বিশেষ এআই টুলটি পণ্য উদ্ভাবনের প্রচলিত প্রক্রিয়ায় সাধারণ যে বিপুল পরিমাণ নমুনার প্রয়োজন হত তা অনেকটাই কমিয়ে এনেছে।
কোম্পানিটি বলেছে, তাদের বিখ্যাত ‘গ্লুটেন ফ্রি গোল্ডেন ওরিও’ কুকি ও ‘চিপস আহয়’ কুকির নতুন ও পরিমার্জিত রেসিপি তৈরিতে প্রযুক্তিটি সরাসরি সাহায্য করেছে, বিশেষ করে বিস্কুট বা কুকিজ ক্যাটেগরিতে তাদের এআই টুলের মাধ্যমে তৈরি ৬০ শতাংশ রেসিপি পুষ্টিগুণ, পরিবেশবান্ধবতা ও উৎপাদন খরচের মতো ক্ষেত্রগুলোতে সাধারণ রেসিপির চেয়ে বেশি ভালো ফলাফল দেখিয়েছে।
ক্যাটালানো বলেছেন, “এআই মূলত আপনার আগের বিভিন্ন কাজকেই বাড়িয়ে দেয়, যা পণ্য তৈরির সময়কে মাস থেকে সপ্তাহে ও বছর থেকে মাসে নামিয়ে আনছে।”