Published : 29 May 2025, 05:04 PM
ইলন মাস্কের স্টার্টআপ এক্সএআইয়ের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দিয়েছে টেলিগ্রাম।
এর মাধ্যমে এক্সএআই যেসব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর টুল বানিয়েছে সেগুলো এখন থেকে টেলিগ্রাম অ্যাপে ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে মেসেজিং পরিষেবা অ্যাপটি।
এ চুক্তির ঘোষণায় টেলিগ্রামের প্রধান পাভেল দুরভ বলেছেন, এ চুক্তির মাধ্যমে টেলিগ্রামের “একশ কোটির বেশি ব্যবহারকারী” এক্সএআইয়ের তৈরি এআই অ্যাসিস্ট্যান্ট ‘গ্রক’ ব্যবহার করতে পারবে এবং এটিকে টেলিগ্রামের অ্যাপে যোগ করবে তারা।
দুরভ আরও বলেছেন, এই চুক্তির মেয়াদ এক বছর। এতে এক্সএআই থেকে ৩০ কোটি ডলার নগদ অর্থ ও শেয়ার পাবে টেলিগ্রাম। পাশাপাশি, টেলিগ্রামের মাধ্যমে এক্সএআইয়ের সাবস্ক্রিপশন বিক্রি হলে তার ৫০ শতাংশও পাবে অ্যাপটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুরভ লিখেছেন, “একসঙ্গে, আমরা জিতবো!”
এর আগে, মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি এআই পরিষেবা যোগ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। তবে অনেক ব্যবহারকারী এতে অসন্তুষ্ট হওয়ায় মেটাকে এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে হয়েছিল।
মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘মিডিয়া রিসার্চ’-এর বিশ্লেষক হান্না কাহলার্ট বলেছেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই একে অপরকে নিজেদের মধ্যে মিশিয়ে নিতে চাইছে” এ পদক্ষেপটি তারই প্রতিফলন। অর্থাৎ দুই দিক থেকেই একে অপরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
তবে তিনি বলেছেন, গ্রাহকরা আসলে যা চান এটি অবশ্যই তা নয়। সব সময় কোম্পানির পরিকল্পনা ও গ্রাহকের চাহিদা একরকম না-ও হতে পারে।
“এখনও বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য ও তাদের খবরাখবর দেখার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা। ডাইরেক্ট বা সরাসরি মেসেজিংয়ে এআই যোগ হলে এর মূল কাজ বদলে যেতে পারে। ফলে সামাজিক মাধ্যমের প্রতি আস্থা কমে যাওয়ার ও এর সুবিধা থেকেও মনোযোগ সরে যেতে পারে তাদের।”
এই জোট প্রযুক্তি দুনিয়ার দুইজন সবচেয়ে আলোচিত ও কখনও কখনও বিতর্কিত ব্যক্তিত্বকে একসঙ্গে করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
গত বছরের অগাস্ট মাসে দুরভকে গ্রেপ্তার করে ফ্রান্স পুলিশ। ৪১ বছর বয়সী দুরভের বিরুদ্ধে টেলিগ্রাম সংক্রান্ত একটি মামলায় পরোয়ানা ছিল। সেই পরোয়ানাতেই ওই সময় তাকে গ্রেপ্তার করেছিলেন ফ্রান্সের কর্মকর্তারা।
এ বছরের মার্চে দুরভকে দুবাইয়ে নিজ বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তবে তার বিরুদ্ধে আনা মামলা অব্যাহত রেখেছে ফ্রান্স।
এ প্ল্যাটফর্মটিকে “ডার্ক ওয়েব ইন ইয়োর পকেট” বলে বর্ণনা করেছেন সমালোচকরা। কারণ তাদের মতে, এখানে অপরাধমূলক কাজ নিয়ে অনেক বেশি আলোচনা হয়।
ফরাসি আদালতে দুরভের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগের মধ্যে রয়েছে টেলিগ্রাম অ্যাপে ‘শিশু পর্নোগ্রাফি, অবৈধ ওষুধ বিক্রি ও হ্যাকিং সফটওয়্যার সরবরাহ। তার বিরুদ্ধে ‘টেলিগ্রামের অবৈধ কার্যক্রম নিয়ে তদন্তে অসহযোগিতার’ অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে দুরভ।
প্রযুক্তির প্রতি বরাবরই অনেক আগ্রহ মাস্কের। যার মধ্যে রয়েছে মস্তিষ্কে ইমপ্ল্যান্ট তৈরির স্টার্টআপ ‘নিউরালিংক’ থেকে শুরু করে রকেট বানানোর কোম্পানি ‘স্পেসএক্স’ পর্যন্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনেও মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাইসে বসানোর জন্য নির্বাচনের সময় ব্যাপক প্রচারণাও চালিয়েছেন তিনি।
মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা, স্পেসএক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও এক্সএআইয়ের প্রধান মাস্ক বিশ্বের সবচেয়ে পরিচিত এআই কোম্পানি চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়েরও একজন সহ প্রতিষ্ঠাতা।