Published : 13 Nov 2025, 02:20 PM
গাড়ির ভেতরে ল্যাপটপ, চার্জার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ফেলে যাওয়ার অভ্যাস অনেকেরই। কেউ ভুলবসত, কেউবাবা সময় বাঁচাতে কাজটি করে থাকেন। কিন্তু এই সুবিধার পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি।
যদি কখনো ৩২ ডিগ্রি সেলসিয়াস গরমে গাড়িতে এয়ারকন্ডিশনার বন্ধ অবস্থায় বসে থাকেন তাহলে বুঝতে পারবেন ভেতরের তাপমাত্রা কত দ্রুত বাড়ে। সূর্যের আলোর সঙ্গে গাড়ির কাচ দিয়ে আসা তাপ ভেতরে আটকে যায় ফলে তাপমাত্রা বেড়ে যায় ভয়াবহভাবে।
ল্যাপটপও ব্যবহারের সময় গরম হয় কিন্তু তখন এর ভেতরে থাকে কুলিং সিস্টেম। অতিরিক্ত তাপ পেলে ল্যাপটপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যাতে ভেতরের অংশগুলো নিরাপদ থাকে। তবে গাড়িতে ফেলে রাখা ল্যাপটপে তেমন কোনো সুরক্ষা থাকে না।
বেশিরভাগ ল্যাপটপেই থাকে লিথিয়াম-আয়ন ব্যাটারি। এসব ব্যাটারি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে না। গরমে এমন ব্যাটারি ফুলে যেতে পারে, নষ্ট হতে পারে, এমনকি বিস্ফোরণের ঝুঁকিও থাকে। যদি ব্যাটারি টিকেও যায় তবুও এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নষ্ট হয় স্থায়ীভাবে।
লিথিয়াম ব্যাটারি যেমন গরমে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ঠান্ডাতেও বিপদে পড়ে। যেমন বৈদ্যুতিক গাড়ি ঠান্ডায় কম দূরত্ব অতিক্রম করতে পারে, তেমনি ঠান্ডায় ল্যাপটপের ব্যাটারিরও কার্যক্ষমতা কমে যায়।
যতক্ষণ ঠান্ডা তাপমাত্রায় ল্যাপটপ ব্যবহার বা চার্জ না দিচ্ছেন, ততক্ষণ হয়ত ঠিক থাকবে। তবে সমস্যাটা হয় যখন ঠান্ডা অবস্থায় গাড়ির হিটার চালান। হিটার চালানোর ফলে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ঘনীভবন হয়। এই ঘনীভবন ভেতরে পানির ফোঁটা তৈরি করে সার্কিট বা মাদারবোর্ড পুড়িয়ে দিতে পারে।
কতটা দ্রুত গাড়ির তাপমাত্রা বাড়ে?
যুক্তরাষ্ট্রের সিডিসি বা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, গাড়ি রোদে রাখলে মাত্র ১০ মিনিটেই ভেতরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়।
সিডিসি আরও বলছে, জানলার কাচ খানিকটা খোলা রাখলেও তেমন কোনো প্রভাব পড়ে না।
গবেষণার তথ্য অনুযায়ী, রোদে থাকা গাড়ির ভেতরের তাপমাত্রা গড়ে প্রতি ৫ মিনিটে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়ে আর মোট তাপমাত্রা বৃদ্ধির প্রায় ৮০ শতাংশ হয় প্রথম ৩০ মিনিটের মধ্যেই। এমনকি বাইরে আবহাওয়া ঠান্ডা বা মাঝারি হলেও গাড়ির ভেতরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছাতে পারে।
টেক জায়ান্ট অ্যাপল বলছে, ম্যাকবুক ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে রাখলে ব্যাটারি ও অভ্যন্তরীণ অংশ নষ্ট হয়ে যেতে পারে। এই তাপমাত্রায় ব্যাটারির বয়স দ্রুত কমতে শুরু করে। দীর্ঘ সময় এমন তাপে রাখলে এসএসডি-এর তথ্য সংরক্ষণের ক্ষমতাও স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়।
যদি তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তখন স্ক্রিনের আঠা ও এলসিডি প্যানেল খুলে যেতে শুরু করে ফলে স্ক্রিনে বাবল বা দাগ দেখা দেয়। ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘণ্টা গাড়িতে ল্যাপটপ রেখে দিলেও এই ক্ষতি হতে পারে।
যদি গাড়িতে ল্যাপটপ রাখতেই হয় তাহলে যা করবেন
কখনও কখনও পরিস্থিতি এমন হয়, ল্যাপটপ গাড়িতে রাখতেই হবে। তখন কিছু সতর্কতা মেনে চললে ক্ষতির ঝুঁকি কিছুটা কমানো যায়।
প্রথমত সূর্যের আলো থেকে দূরে রাখুন। ড্যাশবোর্ড বা সিটের উপর রাখবেন না। বরং গাড়ির ফুটওয়েল বা সিটের নিচে রাখুন যেখানে ছায়া থাকে।
গরমে সানশেড ব্যবহার করুন। গাড়ি পার্ক করার সময় উইন্ডশিল্ড সানশেড লাগিয়ে রাখলে ভেতরের তাপমাত্রা কিছুটা কম থাকে।
ল্যাপটপ পুরোপুরি বন্ধ করে রাখুন। স্লিপ মোডে নয়, একদম শাটডাউন করুন এবং ইনসুলেটেড ব্যাগ বা কভার-এর ভেতরে রাখুন। এটি ঠান্ডায় তাপ ধরে রাখতে ও গরমে তাপ ঢুকতে বাধা দেয়।
চার্জে রাখবেন না। গরম বা ঠান্ডা অবস্থায় ল্যাপটপ চার্জ করলে ব্যাটারির স্থায়ী ক্ষতি হতে পারে। তাই এমন সময় গাড়িতে চার্জার বা প্রোডাক্টিভিটি গ্যাজেট ব্যবহার করা এড়িয়ে চলুন।
তাপমাত্রা সমান হতে দিন, গাড়ি থেকে বের করে সঙ্গে সঙ্গে চালাবেন না। ল্যাপটপকে ঠান্ডা বা গরমের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় দিন। হঠাৎ তাপমাত্রা বদলালে কাচে ফাটল, ভেতরে ঘনীভবন বা শর্ট সার্কিট হতে পারে যা পুরো ডিভাইসের ক্ষতি করতে পারে।
প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, গাড়িতে ল্যাপটপ রাখা হয়তো সুবিধাজনক মনে হয় কিন্তু কয়েক ঘণ্টার অসতর্কতা হাজার হাজার টাকার ক্ষতির মুখে ফেলতে পারে।
তাপমাত্রার ওঠানামা ল্যাপটপের ব্যাটারি, স্ক্রিন, এমনকি মেমোরি চিপেরও ক্ষতি করতে পারে যা অনেক সময় আর ঠিক করা সম্ভব হয় না। তাই বাইরে কাজের সময় একটু কষ্ট করে হলেও ল্যাপটপ সঙ্গে নিয়ে নিরাপদ জায়গায় রাখা উচিত। এতে শুধু ডিভাইস নয় গুরুত্বপূর্ণ ডেটাও নিরাপদ থাকবে।