নতুন স্মার্ট চশমা দুটি ভিন্ন স্টাইলে বাজারে আসবে, যার একটির নাম ‘ক্লাবমাস্টার’ ও অন্যটি ‘বারব্যাংক’। ছবি: রয়টার্স
Published : 17 Sep 2026, 03:12 PM
প্রাইভেসি নিয়ে তীব্র সমালোচনার মুখে এবার ক্যামেরা ছাড়া নতুন স্মার্ট চশমা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।
ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকেই নতুন এ মডেলটি ক্রেতাদের কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
২৩ ও ২৪ সেপ্টেম্বর মেটার বার্ষিক ‘কানেক্ট’ ডেভেলপার কনফারেন্সে ‘লুনা’ নামের নতুন ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
লুনা দুটি ভিন্ন স্টাইলে বাজারে আসবে, যার একটির নাম ‘ক্লাবমাস্টার’ ও অন্যটি ‘বারব্যাংক’। নতুন এই মডেলে কোনো ক্যামেরা রাখা হয়নি। তবে এতে থাকছে ছয়টি বিল্ট-ইন মাইক্রোফোন।
ব্যবহারকারীর কানের দিকে মুখ করা বিশেষ স্পিকারও এতে থাকবে, যার সাহায্যে খুব সহজেই মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে। মেটার বর্তমান স্মার্ট চশমাগুলোতে ক্যামেরা থাকায় বিভিন্ন মহলে তা নিয়ে তীব্র আপত্তি উঠেছিল।
সমালোচকরা সেগুলোকে ‘পারভার্ট গ্লাস’ বা আপত্তিকর চশমা বলে বর্ণনা করেছিলেন। ক্যামেরা বাদ দেওয়ার মাধ্যমে সেই বিতর্ক এড়ানোর চেষ্টা করেছে মেটা।
ডিভাইসটি পরিচালনার জন্য লুনার পাশে সুনির্দিষ্ট একটি বাটন রাখা হয়েছে, যা প্রেস করে দ্রুত ‘মেটা এআই’ চালু করা যাবে। সাধারণ চশমার মতো স্বাভাবিক লুক দিতে এর ফ্রেম বা টেম্পলগুলো আগের চেয়ে আরও স্লিম ও আকর্ষণীয় করা হয়েছে।
মেটার স্মার্ট চশমাগুলো বাজারে ভালো বিক্রি হলেও গোপনে ভিডিও ধারণ করে নারীদের হয়রানি বা মানুষের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি কোম্পানিটিকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে।
মেটার এসব চশমাতে রেকর্ডিংয়ের সময় জ্বলতে থাকা এলইডি লাইটের মতো একটি ‘অ্যান্টি-ক্রিপ’ বা সুরক্ষা ফিচার রয়েছে। তবে আগে এ এলইডি লাইট টেম্পার করে ক্যামেরা চালু থাকার পরও এলইডি বন্ধ রাখা সম্ভব হত, যা পরে এক আপডেটের মাধ্যমে ঠিক করেছে মেটা।
এ ছাড়া, গেল অগাস্টে মেটা এমন এক আপডেট নিয়ে আসে, যার মাধ্যমে রেকর্ডিং শুরুর পর এলইডি লাইট ঢেকে দিয়ে গোপনে অন্যদের ভিডিও ধারণ করার সুযোগও বন্ধ হয়েছিল।
এসব নিরাপত্তা পরিবর্তন আনার পরও মেটার বিভিন্ন চশমার সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং এর কারণে অনেক ক্রেতাই ডিভাইসটি কিনছেন না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্যামেরার কারণে এতদিন যারা স্মার্ট চশমা কিনতে দ্বিধায় ছিলেন, তাদের সেই দ্বিধা কাটিয়ে এবার চশমাটি কিনতে উৎসাহিত করতে পারে মেটার নতুন ‘লুনা’ মডেল, যাতে কোনো ক্যামেরা নেই।