আইফোনে স্যাটেলাইটভিত্তিক আরও ফিচার আনছে অ্যাপল
ম্যাপস অ্যাপেও স্যাটেলাইট সংযোগ আনতে চাইছে অ্যাপল যাতে করে ব্যবহারকারীরা ইন্টারনেট বা সেলুলার সংযোগ ছাড়াই দিকনির্দেশনা পেতে পারেন।
আইফোনে আরও উন্নত স্যাটেলাইট ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। ডিভাইসটিতে ৫জি নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সাপোর্ট নিয়েও কাজ করছে কোম্পানিটি।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গারম্যান সম্প্রতি তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে এমন তথ্য দিয়ে বলেন, ভবিষ্যতে আইফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে শুধু জরুরি মেসেজই পাঠানো যাবে না, আরও নানা কাজও হবে।
অ্যাপল গত বছর ‘মেসেজেস ভায়া স্যাটেলাইট’ ফিচারের মাধ্যমে টেক্সট পাঠানো ও গ্রহণের সুবিধা চালু করেছিল। এবার কোম্পানিটি সেই সুবিধায় ছবি পাঠানোর অপশন যোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
গারম্যানের প্রতিবেদন অনুযায়ী, আইফোনে ৫জি নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সাপোর্ট আনতে পারলে মোবাইল টাওয়ারগুলো স্যাটেলাইটের সাহায্যে তাদের কভারেজ বাড়াতে পারবে। বিশেষ করে ফিচারটি দুর্গম বা নেটওয়ার্কবিহীন এলাকায় বেশি কার্যকর হবে।
কোম্পানিটি সম্ভবত অ্যাপল ম্যাপস অ্যাপেও স্যাটেলাইট সংযোগ আনতে চাইছে যাতে করে ব্যবহারকারীরা ইন্টারনেট বা সেলুলার সংযোগ ছাড়াই দিকনির্দেশনা পেতে পারেন।
আরও একটি বড় পরিবর্তন হলো, স্যাটেলাইট সংযোগের জন্য ব্যবহারকারীকে এখন আর ফোন আকাশের দিকে তাক করতে হবে না। ‘ন্যাচারাল ইউসেজ’ নামে এক আপডেটে আইফোন এমনভাবে কাজ করবে যে আকাশ সরাসরি দেখা না গেলেও বা ঘরের ভেতরে থাকলেও স্যাটেলাইট সংযোগ পাওয়া যাবে।
ডেভেলপারদের জন্যও অ্যাপল একটি স্যাটেলাইট কানেকশন এপিআই তৈরি করছে যাতে থার্ড-পার্টি অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপে এই প্রযুক্তি যুক্ত করতে পারেন।
তবে এসব নতুন ফিচার কবে আসবে তা এখনো জানা যায়নি। অ্যাপল ২০২২ সালে ‘ইমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট’ চালুর পর দুই বছর অপেক্ষা করেছিল ‘মেসেজেস ভায়া স্যাটেলাইট’-এর জন্য। তাই ধারণা করা হচ্ছে, নতুন ফিচারগুলোও আসতে হয়ত কিছুটা সময় লাগবে।
