২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এবার টিকটক অ্যাকাউন্ট খুলল হোয়াইট হাউস

যে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদে নিষিদ্ধ করতে চেয়েছিলেন এখন সেই টিকটকেই যোগ দিয়েছে হোয়াইট হাউস।

এবার টিকটক অ্যাকাউন্ট খুলল হোয়াইট হাউস
শুরুতে টিকটক পছন্দ করতেন না ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে যে মার্কিন মুল্লুকে এত দুশ্চিন্তা, এবার সেখানকার প্রেসিডেন্টের দপ্তরই অ্যাকাউন্ট খুলল টিকটকে।

হ্যাঁ! যে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদে নিষিদ্ধ করতে চেয়েছিলেন এখন সেই টিকটকেই যোগ দিয়েছে হোয়াইট হাউস।

টিকটকে পোস্ট করা প্রথম পোস্টে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানের ক্লিপ যোগ করা হয়েছে, যার পেছনে কেনড্রিক লামারের গান বেজেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, পোস্ট করা ভিডিওটি টিকটকে জনপ্রিয় ‘ক্রিড’ সিনেমার এডিটের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। ক্রিড হচ্ছে মাইকেল বি. জর্ডান অভিনীত একটি বক্সিংভিত্তিক সিনেমা।

ওই টিকটক পোস্টে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমি তোমাদেরই কণ্ঠ।” আর ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “আমেরিকা, আমরা ফিরে এসেছি! কেমন আছো টিকটক?”

ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের কাছে ট্রাম্পকে পৌঁছাতে তাকে সাহায্য করেছে টিকটক। নির্বাচনী প্রচারে যে টিকটক অ্যাকাউন্ট ট্রাম্প ব্যবহার করেছিলেন, সেটিতে এক কোটি ৫০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা নির্বাচনের সময় টিকটকে আধিপত্য বিস্তার করেছিল। আমরা সেই সফলতাকে আরও এগিয়ে নিতে ও এমনভাবে যোগাযোগ করতে চাই, যা আগে কখনো কোনও মার্কিন প্রশাসন করেনি।”

তবে শুরুতে টিকটক পছন্দ করতেন না ট্রাম্প। একসময় অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং নির্বাহী এক আদেশে স্বাক্ষরও করেছিলেন ট্রাম্প।

ওই আদেশে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে টিকটক ও তার মূল কোম্পানি চীনা বাইটড্যান্সের মধ্যে যে কোনও লেনদেন নিষিদ্ধ হবে। 

আদেশে আরও ছিল, “টিকটকের তথ্য সংগ্রহের পদ্ধতি চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকান নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার দিতে পারে। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তা ও ঠিকাদারদের অবস্থান অনুসরণ করতে পারে তারা, ব্ল্যাকমেইলের জন্য ব্যক্তিগত তথ্য জমা করতে পারে ও কর্পোরেট নজরদারিও চালাতে পারে চীন।”

তবে এ বছরের শুরুতে আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের যে আইন বাইডেন প্রশাসন করেছিল তা দ্রুত স্থগিত করে দেন ট্রাম্প। এ নিষেধাজ্ঞা কয়েকবার পিছিয়েও দিয়েছেন তিনি। যাতে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স নিজেদের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির জন্য আরও সময় পায়।

ট্রাম্প দাবি করেছিলেন, ‘খুব ধনীদের একটি দল’ টিকটক কিনতে প্রস্তুত রয়েছে। তবে এখনও পর্যন্ত ট্রাম্প প্রশাসন সেই দলের কারোরই নাম প্রকাশ করেনি।