১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পেন্টাগনকে প্রযুক্তি সরবরাহের চুক্তিতে ওপেনএআই

এ চুক্তির কাজ মূলত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও এর আশপাশের এলাকায় সম্পন্ন হবে এবং ধারণা করা হচ্ছে, প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে।

পেন্টাগনকে প্রযুক্তি সরবরাহের চুক্তিতে ওপেনএআই
মার্চের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ওপেনএআইয়ের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ কোটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল সরবরাহের জন্য চুক্তি করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, “এ চুক্তির আওতায় যুদ্ধক্ষেত্র ও প্রশাসনিক ক্ষেত্র– এ দুই জায়গাতেই জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহারযোগ্য আধুনিক এআইভিত্তিক প্রোটোটাইপ প্রযুক্তি তৈরি করবে ওপেনএআই।”

২০১৫ সালে যাত্রা শুরু করা ওপেনএআই ‘মানবকল্যাণে’ কাজ করা একটি ‘অলাভজনক’ কোম্পানি হিসাবে যাত্রা শুরু করলেও, দুটি অবস্থান থেকেই সরে এসেছে। ২০২৪ সালের শুরুতে তারা নীতিমালায় নীরব পরিবর্তন আনে যার ফলে সামরিক বাহিনীর জন্য কাজ করার পথ খোলে। আর লাভজনক কোম্পানিতে ওপেনএআইয়ের রূপান্তরের সিদ্ধান্তটি প্রতিষ্ঠাকালীন পার্টনার ইলন মাস্কের মামলায় আটকে আছে।

২০ কোটি ডলারের সাম্প্রতিক চুক্তি নিয়ে পেন্টাগন বলেছে, এ প্রযুক্তি তৈরির কাজ মূলত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও এর আশপাশের এলাকায় সম্পন্ন হবে এবং ধারণা করা হচ্ছে, প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে।

গত সপ্তাহে ওপেনএআই বলেছে, জুন মাসের হিসাব পর্যন্ত কোম্পানিটি যদি তাদের আয় বছরের বাকি সময়জুড়ে একই রকমভাবে চালিয়ে যেতে পারে তবে বছরে কোম্পানিটির মোট আয় হাজার কোটি ডলারে পৌঁছাবে। আয়ের এ গতি থেকে বোঝা যাচ্ছে বছর শেষে নিজেদের আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কোম্পানিটি। এ সাফল্যের কারণ, গোটা বিশ্বে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে।

মার্চে কোম্পানিটি বলেছিল, নতুন এক তহবিল সংগ্রহ কর্মসূচিতে চার হাজার কোটি ডলার পর্যন্ত অর্থ তুলতে চায় তারা। এ উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছে জাপানের বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক। ওই সময় কোম্পানির মূল্য ধরা হয়েছে ৩০ হাজার কোটি ডলার। মার্চের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ওপেনএআইয়ের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ কোটি।

এপ্রিলে নতুন নির্দেশনা জারি করেছে হোয়াইট হাউসের ‘অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ বা ওবিএম। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সংস্থাকে এমনভাবে কাজ করতে হবে “যেন সরকার ও জনগণ উভয়ই একটি প্রতিযোগিতামূলক মার্কিন এআই বাজার থেকে উপকার পায়”।

রয়টার্স লিখেছে, প্রতিযোগিতামূলক মার্কিন এআই বাজার গড়ে তোলার নির্দেশনাটি সব ক্ষেত্রে প্রযোজ্য হলেও দেশটির সেনাবাহিনী বা জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহৃত এআই সিস্টেমের ওপর তা বাধ্যতামূলক নয়।

আরও খবর

সামরিক কাজে চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করল ওপেনএআই