২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ব্যবহার করবেন অ্যাপল ও গুগলের এআই লেখার টুল

ব্যবহারের আগে জেনে রাখা ভালো, কখন এআইয়ের উপর নির্ভর করা যায়, আর কখন নিজেকেই দায়িত্ব নিতে হয়।

যেভাবে ব্যবহার করবেন অ্যাপল ও গুগলের এআই লেখার টুল
স্মার্টফোনেই এখন লেখা, সম্পাদনা ও প্রুফরিড সবই করছে এআই। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 01:45 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে লেখালেখির জগতে এসেছে বড় ধরনের পরিবর্তন। আগে যেসব টুল কেবল বানান বা ব্যাকরণ ঠিক করতে পারত, এখন তা-ই পুরো একটি প্রস্তাবনা লিখে দিতে পারে, সারসংক্ষেপ তৈরি করতে পারে কিংবা আপনার লেখাকে আরো প্রাঞ্জল ও পেশাদার করে তুলতে পারে।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এআই নির্ভর লেখার এই সুবিধা এখন অনেকটাই হাতের মুঠোয়। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাপল ও গুগল এর তৈরি এসব টুল। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ টুল ব্যবহারের আগে কখন এআইয়ের উপর নির্ভর করা যায়, আর কখন নিজেকেই দায়িত্ব নিতে হয় এ সম্পর্কে জেনে নেওয়া ভালো বলে উল্লেখ করা হয়েছে। 

অ্যাপল ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন লেখার টুল

অ্যাপলের নতুন এআই টুলের নাম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। এর মধ্যে থাকা ‘রাইটিং টুল’ ব্যবহার করতে হলে আপনাকে থাকতে হবে আইওএস ১৮.১ বা তার পরের সংস্করণে এবং ব্যবহার করতে হবে নতুন মডেলের আইফোন বা আইপ্যাড।

এই রাইটিং টুল ব্যবহার করা যায় যে কোনো অ্যাপে, যেখানে আপনি টাইপ করেন বা ভয়েস ডিকটেশন ব্যবহার করেন। যেমন ধরুন, আপনি ‘পেইজেস’ অ্যাপে একটি টেক্সট লিখেছেন। এর মধ্যে একটি অংশ নির্বাচন করে রাইটিং টুল মেনুতে যেতে পারেন। সেখানে পাবেন ‘প্রুফরিড’, ‘রিরাইট’, বা ‘সামারাইজ’-এর মতো অপশন।

আপনি চাইলে লেখার ভঙ্গি বদলে আরও প্রফেশনাল, বন্ধুত্বপূর্ণ বা সংক্ষিপ্ত করে তুলতে পারেন এক ট্যাপে। প্রয়োজনে লেখা লিস্ট বা টেবিল আকারেও দেখাতে পারেন। পছন্দ না হলে আগের লেখায় ফিরে যাওয়ার সুবিধাও আছে।

অ্যাপল ইন্টেলিজেন্স থেকে সরাসরি একটি খসড়া লেখাও সম্ভব, তবে এজন্য চ্যাটজিপিটি অপশনটি অ্যাকটিভ করতে হবে। ‘কম্পোজ’ বোতামে ট্যাপ করে নির্দেশনা অনুসরণ করলেই সেটা সম্ভব।

অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য গুগলের নিজস্ব এআই সহকারী

গুগলের তৈরি ‘জেমিনাই’ এখন ‘গুগল অ্যাসিসট্যান্ট’ এর জায়গা নিয়েছে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে পাওয়া যায়, এবং ব্রাউজারেও ব্যবহার করা যায়। উন্নত সংস্করণ ব্যবহার করতে হলে গুনতে হবে মাসে ২০ ডলার।

জেমিনাই-এর ব্যবহার পদ্ধতিও সরল। যেমন আপনি চাইলে একটি মেমো কপি করে জেমিনাই-তে দিয়ে বলুন, ‘এটি প্রুফরিড ও ফ্যাক্টচেক করে দাও।’

জেমিনাই চাইলে নিজে থেকেই একটি টেক্সট লিখে দিতে পারে। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, “আগামী ২ ও ৩ অগাস্ট একটি ফেস্টিভালের অনুমতির জন্য সিটি কাউন্সিলের কাছে একটি প্রস্তাবনা তৈরি করে দাও, যেখানে থাকবে পাপি প্যারেড, উইনার ডগ ডার্বি, ফেচ প্রতিযোগিতা এবং স্থানীয় পেট শপগুলোর বুথ।”

জেমিনাই লেখাটি প্রস্তুত করে দিলে আপনি সেটা ‘গুগল ডকস’-এ সংরক্ষণ করে নিজে সম্পাদনা করতে পারবেন।

বিকল্প এআই টুল

আপনার ডিভাইস যদি অ্যাপল ইন্টেলিজেন্স বা জেমিনাই চালানোর মতো আধুনিক না হয়, তাতেও সমস্যা নেই। ‘গ্রামারলি’, যা ২০০৯ সাল থেকেই আছে, সেটির মোবাইল অ্যাপ আপনার ফোনের কীবোর্ডের সাথেই কাজ করতে পারে বানান, ব্যাকরণ, টোন ঠিক করতে বা লেখাকে আরো প্রাঞ্জল করে তুলতে।

মাইক্রোসফট এর ‘কোপাইলট’ এআই-ও মাইক্রোসফট ৩৬৫ এর সঙ্গে কাজ করে। এ ছাড়া অ্যাপ স্টোরে ‘প্যারাগ্রাফ এআই’, ‘সুডোরাইট’-এর মতো লেখাকেন্দ্রিক এআই অ্যাপও পাওয়া যায়। চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিক -এর ‘ক্লাউডে’-এর মতো সাধারণ চ্যাটবটও এ কাজ করতে পারে।

কিছু সতর্কতা

এআই যতই উন্নত হোক, ভুল করতেই পারে। তাই তার লেখা যাচাই করা জরুরি। আরো গুরুত্বপূর্ণ হলো, সবকিছুতে এআই ব্যবহার করলে আপনার নিজস্ব লেখার ভঙ্গি হারিয়ে যেতে পারে। যেমন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘নষ্টনীড়’ গল্পের শুরুর কয়েকটি লাইন অ্যাপল ইন্টেলিজেন্স বা জেমিনাই দিয়ে পাল্টে দিলে মূল লেখার সাহিত্যিক স্পর্শ থাকে না।

মূল কথা, আপনার লেখার উপর আপনার কর্তৃত্ব থাকা উচিত। যেন কেউ পড়ে বলে না ওঠে, ‘এটা কি এআই লিখেছে?’