‘রাজনৈতিক বিশ্লেষক’ মাস্কের এবারের পরামর্শ চীন-তাইওয়ান নিয়ে
ইউক্রেইনে স্টারলিংক সেবা চালু করায় মাস্কের ওপর ‘নাখোশ’ হয়েছে চীন। এর পরপরই চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরিতে তাইওয়ানকে পরামর্শ দিচ্ছেন টেসলার টেকনো কিং।
ক্রাইমিয়া রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কিত হওয়ার পর এবার চীন ও তাইওয়ানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসনের ‘পরামর্শ’ দিয়েছেন ইলন মাস্ক।
তাইওয়ানের ‘আংশিক’ নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দিতে বলেছেন বিশ্বের এ শীর্ষ ধনী।
“আমার পরামর্শ হবে তাইওয়ানের জন্য একটা বিশেষ প্রশাসনিক অঞ্চল নির্ধারণ করা যা কিছুটা হলেও গ্রহনযোগ্য হবে; এতে সম্ভবত সবাই খুশি হবেন না,” বাণিজ্য প্রকাশনা ফাইন্যানশিয়াল টাইমসে শুক্রবারে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন মাস্ক।
চীনের সাংহাইয়ে বড় আকারের একটি কারখানা রয়েছে টেসলার; চীন নিয়ে টাইমসের প্রশ্নের উত্তরে এ ‘পরামর্শ’ দিয়েছেন তিনি। রয়টার্স জানিয়েছে, গত বছরে টেসলা বিশ্বব্যাপী যতো গাড়ি সরবরাহ করেছে তার অর্ধেক এসেছিল সাংহাইয়ের কারখানা থেকে।
দুই কোটি ৩০ লাখ মানুষের বাস তাইওয়ানে, নিজের স্বাধীন অস্তিত্ব চায় সেখানকার সরকার। কিন্তু তাইওয়ানকে নিজের অঙ্গরাজ্য হিসেবে দাবি করে আসছে চীন।
বিভিন্ন সময়ে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার হুমকিও দিয়েছে চীন। আর জটিল ভূরাজনৈতিক সমীকরণের সম্ভাব্য ‘শান্তিপূর্ণ সমাধান’ বাতলে দিয়ে মাস্ক বলেছেন, “এটা সম্ভব, এবং আমার মনে হয় তারা এমন একটি ব্যবস্থা দাঁড় করাতে পারবে যা হংকংয়ের চেয়ে সহনশীল হবে।”
অন্যদিকে, মাস্ক চীনের ভূখণ্ডে স্পেসএক্সের স্টারলিংক সেবা চালু করবেন না– দেশটির সরকার এমন প্রতিশ্রুতিও চেয়েছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন মাস্ক। তবে, সেই অনুরোধে সম্মতি দিয়েছেন কি না- সে প্রসঙ্গে সাক্ষাৎকারে কিছু বলেননি তিনি।
ইউক্রেইনে স্টারলিংক সেবা চালু করা নিয়েও চীন নাখোশ হয়েছে বলে ফাইন্যানশিয়াল টাইমসকে জানিয়েছেন মাস্ক।
চীন আর তাইওয়ানের বৈরিতা সামরিক সংঘাতের দিকেই যাবে বলে আশঙ্কা করছেন তিনি। সাক্ষাৎকারে টেসলা, আইফোন নির্মাতা অ্যাপল এবং সার্বিক অর্থনীতির ওপর সংঘাতের প্রভাব নিয়ে শঙ্কিত বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত আলাপে যাননি মাস্ক।
মাস্কের মন্তব্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত চিং গ্যান। কিন্তু ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত শাও বাই-কাহিম টুইট করেছেন, “তাইওয়ান অনেক পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের স্বাধীনতা আর গণতন্ত্র বিক্রির জন্য নয়।”
যে কোনো দীর্ঘমেয়াদী প্রস্তাবনা থাকলে তা তাইওয়ানের নাগরিকদের গণতান্ত্রিক ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হয়েই করতে হবে– বলেন শাও।
অন্যদিকে, ভূরাজনৈতিক বিষয়ে মাস্কের সাম্প্রতিক বক্তব্য তার ব্যবসায়িক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিবিসিকে কথা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের ভূ-অর্থনীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক পরিচালক শিহোতো গোতো।
অক্টোবরের শুরুতেই ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শান্তির জন্য সম্ভাব্য চার শর্ত উল্লেখ করে টুইটারে এক জরিপ চালু করেছিলেন মাস্ক। টেসলার ‘টেকনো কিং’-এর প্রস্তাবে না ভোট দিয়েছেন তার ভক্তদের সিংহভাগ।
আর ইউক্রেইন সরকারের শীর্ষ কর্মকর্তারা মাস্কের প্রস্তাবের পাল্টা উত্তর দিতে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে যেতেও দ্বিধাবোধ করেননি একেবারেই।
