২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনএআই ছাড়লেন চ্যাটজিপিটি’র নির্মাতা বিজ্ঞানী সুটস্কেভার

তিনি এমন এক নতুন প্রকল্প নিয়ে কাজ করার কথা জানিয়েছেন, যা ব্যক্তিগতভাবে তার কাছে খুবই অর্থবহ। আর সময়মতো এর বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তিনি।

ওপেনএআই ছাড়লেন চ্যাটজিপিটি’র নির্মাতা বিজ্ঞানী সুটস্কেভার
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 02:46 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

এআই প্রযুক্তির চলমান উন্মাদনার মধ্যেই ওপেনএআই থেকে বিদায় নিচ্ছেন স্টার্টআপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইলায়া সুটস্কেভার।

“তাকে ছাড়া ওপেনএআই আর আগের মতো থাকবে না,” এক বার্তায় বলেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান, যা উঠে এসেছে কোম্পানির নিজস্ব ব্লগ পোস্টে।

জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই মাইক্রোসফটের আর্থিক সমর্থন পেয়ে উদিয়মান জেনারেটিভ এআই খাতে রাজত্ব করার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতার সূত্রপাত ঘটিয়েছে।

ওপেনএআইয়ের ব্লগ পোস্ট অনুসারে, এখন থেকে কোম্পানির নতুন প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করবেন জাকুব পাচোকি।

এর আগে ওপেনএআইয়ের গবেষণা বিভাগের পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ‘জিপিটি-৪’-এর মতো উন্নত চ্যাটবট ও ‘ওপেনএআই ফাইভ’-এর মতো ভিডিও গেইমভিত্তিক কম্পিউটার প্রোগ্রাম বিকাশেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

“প্রায় এক দশক পর, ওপেনএআই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি,” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন সুটস্কেভার।

পাশাপাশি, ওই পোস্টে তিনি এমন এক নতুন প্রকল্প নিয়ে কাজ করার কথা জানিয়েছেন, যা ব্যক্তিগতভাবে তার কাছে খুবই অর্থবহ। আর সময়মতো এর বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তিনি।

গত বছরের নভেম্বরে ওপেনএআই থেকে অল্টম্যানের নাটকীয় ছাঁটাই এবং কোম্পানিতে তার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুটস্কেভারের। সে সময় ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি। এমনকি অল্টম্যানের ছাঁটাইয়ের ক্ষেত্রেও তিনি পেছন থেকে কলকাঠি নেড়েছেন বলে  সে সময় রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।

তবে, এর কিছুদিন পরই নিজ অবস্থান থেকে ‘ইউটার্ন’ নিয়ে কোম্পানির কর্মীদের অল্টম্যানের ফিরে আসার দাবি তোলা এক চিঠিতে স্বাক্ষর করেন সুটস্কেভার। এ ছাড়া, তৎকালীন পরিচালনা পর্ষদের কাজে অংশ নেওয়ার বিষয়টি নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।

২০২২ সালের শেষ নাগাদ চালু হওয়ার পর পরপরই, বিশ্বের দ্রুততম অ্যাপ হিসেবে ১০ কোটি মাসিক ব্যবহারকারীতে পৌঁছানোর মাইলফলক অর্জন করেছিল চ্যাটজিপিটি। তবে বাজার বিশ্লেষক কোম্পানি সিমিলারওয়েবের তথ্য অনুসারে, গত বছরজুড়েই ওঠা নামার মধ্য দিয়ে গেছে চ্যাটজিপিটি’র বৈশ্বিক ওয়েব ট্রাফিকিং। সম্প্রতি আবারও ২০২৩ সালের মে মাসের মতো নিজেদের সর্বোচ্চ সাফল্যের কাছাকাছি পর্যায়ে ফিরে আসছে চ্যাটবটটি।

এআই খাতের সুপরিচিত গবেষক হিসেবে অনেক দিন ধরেই নাম-ডাক আছে সুটস্কেভারের। তার ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য অনুসারে, ওপেনএআই প্রতিষ্ঠার আগে ‘গুগল ব্রেইন’-এর গবেষক ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

সুটস্কেভার নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন জিওফ্রে হিনটনের সঙ্গে কাজ করার মাধ্যমে, যিনি গোটা বিশ্বে ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত।