বাবা হলেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান
অল্টম্যানের এ বাবা হওয়ার খবরে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা।
বাবা হয়েছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নিজেই এ সুখবর সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি।
বাবার হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে এক এক্স পোস্টে অল্টম্যান লিখেছেন, “আমি এর আগে কখনও এতো ভালবাসা অনুভব করিনি।”
নবজাতকের একটি ছবির এক্স-এ পোস্ট করে তিনি আরও লিখেছেন, “এই পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই, ছোট্ট ছেলে আমার!”
ওপেনএআই প্রধানের পোস্ট করা এ ছবিতে দেখা যাচ্ছে, নবজাতকের ছোট্ট হাতটি বাবার একটি আঙুল ধরে রেখেছে।
নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছে এমন কথা উল্লেখ করে অল্টম্যান লিখেছেন, “তাড়াতাড়ি এ পৃথিবীতে আসায় কিছুদিনের জন্য এনআইসিইউ-তে থাকতে হবে আমার ছেলেকে। তবে সে ভালো আছে এবং যত্নের জন্য আমার সন্তানের বাবলের মধ্যে থাকতে পারার বিষয়টি সত্যিই চমৎকার। আগে কখনও এত ভালোবাসা অনুভব করিনি আমি।”
২০২৪ সালের জানুয়ারিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অলিভার মুলহেরিনকে বিয়ে করেন অল্টম্যান। সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন কি না তা এখনও জানাননি তারা। ব্যস্ত সময়ে ওপেনএআই প্রধানের জীবনে এই নতুন সদস্যের আগমন ঘটলো বলে প্রতিবেদনে লিখেছে বিজনেস ইনসাইডার।
২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে এআইনির্ভর স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক ও অল্টম্যান। এক পর্যায়ে ওপেনএআই থেকে বেরিয়ে গেলেও কোম্পানিটিকে এর অলাভজনক ভিত্তি ও মানবতার কল্যাণের জন্য এআই বিকাশের মূল লক্ষ্যে ফিরিয়ে আনতে চান মাস্ক।
চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইকে কিনতে প্রায় দশ হাজার কোটি ডলারের প্রস্তাবও দিয়েছেন মাস্ক। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ প্রত্যাখ্যান করলেও মাস্কের এ পদক্ষেপের কারণে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অল্টম্যান।
এ বিষয়ে কোনো মন্তব্যের জন্য বিজনেস ইনসাইডারের অনুরোধে সাড়া দেননি ওপেনএআই প্রতিনিধিরা।
এর আগে ৬ জানুয়ারি এক পডকাস্টে অনাগত সন্তানের কথা জানান অল্টম্যান।
এদিকে, অল্টম্যানের এ বাবা হওয়ার খবরে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা।
অল্টম্যানের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “আন্তরিক অভিনন্দন জানাই তোমাকে! বাবা হওয়ার বিষয়টি জীবনের সবচেয়ে গভীর ও ফলপ্রসূ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। তোমার পরিবারের প্রতি আমার চিরন্তন শুভকামনা রইল।”
