১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রিটেনের ৪০ শতাংশ প্রতিষ্ঠানেই সাইবার হামলা ১ বছরে

২০২৩/২৪ সালের তুলনায় এ হার কিছুটা কমেছে। ওই বছর প্রায় ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের হামলার শিকার হয়েছিল।

ব্রিটেনের ৪০ শতাংশ প্রতিষ্ঠানেই সাইবার হামলা ১ বছরে
ব্যবসায়ীদের দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 01:38 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

গত এক বছরে ব্রিটেনের দুই-পঞ্চমাংশের বেশি ব্যবসা প্রতিষ্ঠান সাইবার হামলা বা নিরাপত্তা লঙ্ঘনের শিকার হয়েছে।

রয়টার্স লিখেছে, সরকারি এক জরিপে উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ায় এই ঝুঁকি এখন আরও তীব্র। ব্যবসায়ীদের দ্রুত সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারের এক জরিপ অনুসারে, গেল ১২ মাসে ব্রিটেনের দুই-পঞ্চমাংশের বেশি কোম্পানি সাইবার হামলা বা নিরাপত্তা লঙ্ঘনের শিকার হয়েছে; যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

যুক্তরাজ্য সরকারের ‘সাইবার সিকিউরিটি ব্রিচেস সার্ভে’ থেকে জানা গেছে, ২০২৫/২৬ সালে আনুমানিক ৬ লাখ ১২ হাজার কোম্পানি একবার সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।

২০২৫/২৬ সালে ৪৩ শতাংশ কোম্পানি সাইবার হামলা বা নিরাপত্তা লঙ্ঘনের শিকার হওয়ার কথা বলেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ‘ফিশিং অ্যাটাক’ বা প্রতারণামূলক ইমেইল বা মেসেজ, যা ৩৮ শতাংশ কোম্পানির বেলায় ঘটেছে। আর এ দুটি পরিসংখ্যানই ২০২৪/২৫ সালের সমান।

তবে ২০২৩/২৪ সালের তুলনায় এ হার কিছুটা কমেছে। ওই বছর প্রায় ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের হামলার শিকার হয়েছিল।

ব্রিটেনের সাইবার নিরাপত্তা মন্ত্রী ব্যবসায়ী নেতাদের এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে সাইবার হামলার ঝুঁকিকে এআই আরও বাড়িয়ে তোলায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

গত সপ্তাহে ব্রিটেনের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর মাধ্যমে সাইবার হামলার ঝুঁকি বাড়তে পারে।

এ ছাড়া, মন্ত্রীরা ব্যবসায়ী মহলে এক খোলা চিঠি পাঠিয়েছেন, যেখানে এআই সংক্রান্ত বিভিন্ন সাইবার হুমকির বিষয়ে বিশেষ সতর্কবার্তাও দেওয়া হয়েছে।