২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে অ্যাপের নতুন সংস্করণ আনছে টিকটক?

সোম বা মঙ্গলবারের মধ্যে টিকটক চুক্তি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করবেন ট্রাম্প। এ খবরের একদিন পরই টিকটকের নতুন সংস্করণ আসার খবর এল।

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে অ্যাপের নতুন সংস্করণ আনছে টিকটক?
ছবি ট্রাম্প বলেছেন, চূড়ান্তভাবে টিকটক বিক্রির বিষয়ে চুক্তি ‘প্রায়’ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক– এমন আশঙ্কা এড়াতে মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপের একেবারে নতুন সংস্করণ তৈরি করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।

এর আগে, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ওই সময় টিকটকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনে চলে যেতে পারে– এ আশঙ্কায় এর মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটি কোনও আমেরিকান মালিকের কাছে বিক্রি না করলে টিকটক দেশটিতে বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

রোববার ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, টিকটক বিক্রির জন্য চুক্তি হচ্ছে। এমনটি হলে টিকটকের জন্য আমেরিকায় আলাদা সংস্করণের নতুন অ্যাপ চালু হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার বা মঙ্গলবারের মধ্যে টিকটক চুক্তি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করবেন তিনি। এর একদিন পরই টিকটক অ্যাপের নতুন সংস্করণ আসার খবর এল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

ট্রাম্প বলেছেন, চূড়ান্তভাবে টিকটক বিক্রির বিষয়ে চুক্তি ‘প্রায়’ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। কেবল ছোটখাটো কিছু বিষয় বাকি রয়েছে।

ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, নতুন এক পরিকল্পনা ঠিক করেছে টিকটক, যেখানে ৫ সেপ্টেম্বর আমেরিকার মানুষদের জন্য অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করবে তারা, যাতে সবাই সহজে তা ডাউনলোড করতে পারে।

গত মাসে তৃতীয়বারের মতো চীনের বাইটড্যান্স কোম্পানিটিকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

ইনফরমেশন আরও লিখেছে, টিকটক ব্যবহার করতে চাইলে মার্কিন ব্যবহারকারীদের অবশ্যই নতুন অ্যাপটি ডাউনলোড করতে হবে। যাতে অ্যাপটির ব্যবহার চালিয়ে যেতে পারেন তারা। পুরানো অ্যাপটি আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চললেও এর সময়সীমা যে কোনও সময় পরিবর্তিত হতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইন্ডিপেনডেন্টের অনুরোধে সাড়া দেয়নি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।

এ বছরের শুরুতে টিকটকের আমেরিকার বিভিন্ন ব্যবসা আলাদা করে নতুন এক মার্কিন কোম্পানির অধীনে আনার কথাবার্তা হচ্ছিল, যেটির অধিকাংশ মালিকানা ও পরিচালনা থাকবে আমেরিকান বিনিয়োগকারীদের হাতে।

তবে চীন বলেছে, ট্রাম্পের পক্ষ থেকে চীনা পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের পর তারা এই চুক্তির অনুমোদন দেবে না। ফলে চুক্তির পরিকল্পনা স্থগিত হয়ে যায়।

টিকটক কিনতে আগ্রহী এমন ‘ধনী ব্যক্তিদের একটি দল’ তার কাছে রয়েছে বলেও কিছুদিন আগে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তার কাছে “অত্যন্ত ধনী কিছু ব্যক্তির একটি দল” রয়েছে, যারা টিকটক প্ল্যাটফর্মটি কিনতে আগ্রহী।

“আরও দুই সপ্তাহের মধ্যে আমি বিস্তারিত বলব,” এভাবে বিষয়টি নিয়ে একটু রহস্যও তৈরি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।