প্রতি ৫ কর্মীর মধ্যে ২ জনকেই ছাঁটাই করেছে মাস্কের এক্সএআই
কিছু মাস কাজ করার পরই এ বছরের জুলাই মাসের শেষ দিকে কোম্পানিটি ছেড়েছেন এক্সএআইয়ের ফাইন্যান্স প্রধান মাইক লিবারাটোর।
ডেটা অ্যানোটেশন বিভাগ থেকে পাঁচশ কর্মী ছাঁটাই করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই।
শুক্রবার বিজনেস ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, নিজেদের ডেটা অ্যানোটেশন বিভাগ থেকে অন্তত পাঁচশ কর্মী ছাঁটাই করেছে এক্সএআই। এ বিভাগটি কোম্পানির গ্রক চ্যাটবট বিকাশে সহায়তা করে।
বিজনেস ইনসাইডারের দেখা একাধিক বার্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনাটি প্রতিবেদনে লিখেছে, শুক্রবার রাতে এক্সএআই কর্মীদের ইমেইলের মাধ্যমে বলেছে, সাধারণ এআই টিউটরদের টিম ছোট করে আনার পরিকল্পনা চলছে।
একই প্রকাশনা বছরের শুরুতে এক প্রতিবেদনে লিখেছিল. এক্সএআইয়ের মোট কর্মী সংখ্যা প্রায় এক হাজার দুইশ। সে হিসাবে প্রায় ৪০ শতাংশ বা প্রতি ৫ কর্মীর মধ্যে ২ জনকেই ছাঁটাই করেছে মাস্কের এক্সএআই।
বিজনেস ইনসাইডারের মন্তব্যের অনুরোধ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টের কথা উল্লেখ করে এক্সএআই বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগের পাশাপাশি নিজেদের বিশেষজ্ঞ এআই টিউটর দলকে ‘১০ গুণ’ বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, এক্সএআইয়ের সবচেয়ে বড় দলটি হল ডেটা অ্যানোটেশন টিম। এ দলটি গ্রক’কে বুঝতে শেখায় কীভাবে তথ্যের মধ্যে অর্থ খুঁজে বের করতে হয়। তারা কাঁচা বা অস্পষ্ট বিভিন্ন তথ্যকে অর্থপূর্ণ ভাগে ভাগ করে এবং সেটা গ্রককে বোঝায়, যাতে চ্যাটবটটি আরও ভালো করে বুঝতে ও কাজ করতে পারে।
প্রতিবেদনে আরও রয়েছে, এক্সএআই তার কর্মীদের বলেছে, কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ ৩০ নভেম্বর পর্যন্ত বেতন পাবেন তারা। কিন্তু যে দিন তাদের ছাঁটাইয়ের কথা জানানো হবে, সেই দিন থেকেই তারা কোম্পানির কম্পিউটার বা সিস্টেমে আর কাজ করতে বা ঢুকতে পারবেন না।
এ মাসের শুরুতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, কিছু মাস কাজ করার পরই এ বছরের জুলাই মাসের শেষ দিকে কোম্পানিটি ছেড়েছেন এক্সএআইয়ের ফাইন্যান্স প্রধান মাইক লিবারাটোর।
২০২৩ সালে বড় বিভিন্ন এআই কোম্পানির উদ্যোগকে চ্যালেঞ্জ জানাতে এক্সএআই চালু করেছিলেন মাস্ক।
রয়টার্স লিখেছে, মাস্কের ধারণা, বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি বেশি নিয়ন্ত্রণ আর সেন্সর করে এবং এআইয়ের নিরাপত্তা নিয়ে খুব সতর্ক নয়। ফলে নিজের কোম্পানি দিয়ে সেসব বড় কোম্পানির এআই চালানোর ধরনকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন তিনি।
