মোদীর কনটেন্ট সরানোর নিয়ম বাতিলের মামলায় হারল মাস্কের এক্স
কয়েক মাস ধরে চলা আইনি লড়াইয়ের পর এমন রায় দিল ভারতের হাই কোর্ট, যেখানে অংশ নিয়েছিলেন দুই পক্ষের আইনজীবীরাই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন কনটেন্ট মুছে ফেলার নিয়ম বাতিলের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর আনা মামলা খারিজ করেছে দেশটির হাই কোর্ট।
বুধবার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাই কোর্ট রায় দিয়েছে, ভারতের নতুন কনটেন্ট মুছে ফেলার নিয়ম বাতিলের জন্য এক্স যে মামলাটি করেছিল সেটির কোনো যৌক্তিক ভিত্তি নেই।
এর আগে, দেশটির নতুন এ নিয়মকে এক্স ‘সেন্সরশিপ’ বা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সমান বলে দাবি করেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
তবে আদালত বলেছে, এক্স-এর দায়িত্ব রয়েছে নিয়ম মানার এবং কোম্পানিটিকে ভারতের স্থানীয় আইন মেনেই চলতে হবে।
বহু দেশের সরকারের সঙ্গে আইন মানা ও কনটেন্ট অপসারণের দাবিতে মতবিরোধে জড়িয়েছেন স্বাধীন মত প্রকাশের কঠোর সমর্থক হিসেবে নিজেকে দাবি করা মাস্ক। তবে ভারতের মামলাটি ছিল একটু ভিন্ন। কারণ এ মামলায় এক্স সেই নিয়মকানুনের মূল ভিত্তিকেই চ্যালেঞ্জ করেছিল যেগুলো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটি ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর করার জন্য তৈরি করেছে।
২০২৩ সাল থেকে ভারতে ইন্টারনেট নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে নরেন্দ্র মোদী সরকার। সরকারি কর্মকর্তাদের অনেক বেশি কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে দেশটি এবং সেইসব নির্দেশ সরাসরি এক সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কাছে পাঠানোর ব্যবস্থাও করেছে, যা এ অক্টোবর থেকে চালু হবে।
এক্স-এর দাবি, এসব নিয়মকানুন বা ব্যবস্থা ভারতের সংবিধানের বিরুদ্ধে এবং এগুলো মূলত সেন্সরশিপ বা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সমান।
এক্স-এর এ মামলা খারিজ করে আদালতের বিচারক এম নাগাপ্রসন্না বলেছেন, “আমাদের দেশের আইনের আওতায় কাজ করতে চায় এমন যে কোনো প্ল্যাটফর্মকে অবশ্যই স্বীকার করতে হবে যে, স্বাধীনতার সঙ্গে দায়িত্বও জড়িয়ে রয়েছে, যেখানে স্বাধীনতা পেতে গেলে দায়িত্বও নিতে হয়।”
আদালতের এমন সিদ্ধান্তে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি ভারতে থাকা এক্স-এর একজন প্রতিনিধি।
কয়েক মাস ধরে চলা আইনি লড়াইয়ের পর এমন রায় দিল ভারতের হাই কোর্ট, যেখানে অংশ নিয়েছিলেন দুই পক্ষেরই আইনজীবীরা। এ মামলা চলাকালীন এক্স অভিযোগ করেছিল, ভারতের সরকার দেশটির এতগুলো কর্মকর্তাকে কনটেন্ট সরানোর সক্ষমতা দিয়েছে যে ‘যে কোনো সাধারণ সরকারি কর্মকর্তা’ও এসব নির্দেশ দিতে পারেন।
এর জবাবে মোদী সরকার যুক্তি দিয়েছে, এ নতুন ব্যবস্থা অনলাইনে বেড়ে চলা অবৈধ কনটেন্ট ঠেকাতে সাহায্য করছে এবং এতে ইন্টারনেটকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব হচ্ছে।
সরকার আরও বলেছে, ভারতের কনটেন্ট মুছে ফেলার নিয়মকে সমর্থন করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা এবং মার্কিন সার্চ জয়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট’সহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি।
বুধবারের এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালত বা ভারতের সুপ্রিম কোর্টেও আপিল করতে পারে এক্স।
