Published : 11 Dec 2025, 03:38 PM
নতুন আইফোন ১৭ বা আইফোন ১৭ প্রো ম্যাক্সের শক্তিশালী প্রসেসর, আপডেটেড হার্ডওয়্যার আর নতুন আইওএস ২৬-এর অসংখ্য ফিচার মিলিয়ে ফোনটি ব্যবহার করা এখন যথেষ্টই রোমাঞ্চকর। এ বছর অ্যাপল আইফোন ও আইপ্যাডে নতুন কিছু নেটিভ অ্যাপও যোগ করেছে যা আগের আইওএস ভার্সনগুলোর তুলনায় বেশ উন্নত।
তবুও, শুধু অ্যাপলের বিল্ট-ইন অ্যাপ নয় সঠিক কিছু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে আইফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হয়।
কিছু নির্দিষ্ট অ্যাপ আইফোনে নতুন সক্ষমতা যোগ করে বা আইওএস-এ না থাকা সুবিধা এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক সবার জন্য উপযোগী এমন পাঁচটি ফ্রি অ্যাপ সম্পর্কে।
১. লোকালসেন্ড
অ্যাপলের সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হলো ডিভাইসগুলোর মধ্যে অসাধারণ সংযোগ। যেমন, আইপ্যাডকে ম্যাক-এর দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায় বা ম্যাক-এ বসেই আইফোনের কল রিসিভ করা যায়। একইভাবে ‘এয়ারড্রপ’ ব্যবহার করে সহজেই আইফোন থেকে ম্যাক বা আইপ্যাডে ছবি-ভিডিও পাঠানো যায়।
তবে বড় সীমাবদ্ধতা হলো এয়ারড্রপ শুধু অ্যাপল ডিভাইসেই কাজ করে। অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ডিভাইসে পাঠাতে হলে এটি কাজ করবে না। এই সমস্যার সেরা সমাধান লোকালসেন্ড।
লোকালসেন্ড দিয়ে সহজেই নিজের আইফোন থেকে যে কোনো ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন। শর্ত হল, ওই ডিভাইসেও লোকালসেন্ড অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। আইফোন থেকে উইন্ডোজ পিসি বা বন্ধুর অ্যান্ড্রয়েডে তোলা ছবি সবই খুব দ্রুত পাঠানো যায়। এমনকি একটি ডিভাইসের টাইপ করা টেক্সটও আরেকটিতে শেয়ার করা সম্ভব।
দুই ডিভাইস একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকলেই হবে। না থাকলে হটস্পট দিয়ে কানেক্ট করলেই হয়।
২. ট্রুকলার
অজানা নম্বর থেকে আসা স্প্যাম কল অথবা প্রতারণামূলক কল এখন খুব সাধারণ। দুঃখজনকভাবে আইওএস-এর ডিফল্ট ফোন অ্যাপে কোনো স্প্যাম শনাক্তকরণ ফিচার নেই। তাই ট্রুকলারই সেরা বিকল্প।
সাইন আপ করার পর অ্যাপটি অজানা নম্বর থেকে আসা কলের বেলায় কলারের পরিচয় দেখাবে। যদি স্প্যাম হয় তাহলে কল স্ক্রিনেই সতর্ক করবে। চাইলে স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার অপশনও আছে। কল মিস করলে নম্বর সার্চ করে এর ব্যবহারকারীর পরিচয় দেখা যায়। বারবার ব্যবহার করলে হোমস্ক্রিন উইজেটও যোগ করতে পারেন।
অ্যাপটির একটি বিশেষ ফিচার হলো যদি কলারও ট্রুকলার ব্যবহার করেন তাহলে কল আসার আগেই অ্যাপ জানিয়ে দেবে যে কেউ কল করতে যাচ্ছে।
৩. টুলবক্স বাই পেপারক্লিপ
অনেক সময় কাজে লাগে এমন বেশ কিছু দরকারি টুল আইওএস-এ এখনও নেই। ‘টুলবক্স বাই পেপারক্লিপ’ ঠিক সেই শূন্যতা পূরণ করে।
অ্যাপটিতে রয়েছে যে কোনো ছবিকে ‘জেপিজি’ থেকে ‘পিএনজি’ ফরম্যাটে কনভার্ট করার সুবিধা, বড় ছবি বা ফাইল কমপ্রেস করা, ছবি স্কেল করে নির্দিষ্ট সাইজ তৈরি যেমন ইউটিউব থাম্বনেইল, প্রোফাইল ছবি ইত্যাদি। এ ছাড়া লাইভ ফটো থেকে জিফ তৈরি করা যায়।
শুধু ছবি নয় এমওভি ভিডিও ফরম্যাট থেকে এমপি৪ কনভার্ট করা, ভিডিও থেকে ছবি বা অডিও এক্সট্র্যাক্ট করা, অডিও ফরম্যাট বদলানো বা কাটছাঁট করার সুবিধাও আছে। এ ছাড়া পিডিএফ কনভার্ট এবং জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার সুবিধাও দেয়।
আইওএস-এ ফাইল হ্যান্ডলিংয়ের সব কাজের জন্য একটাই অ্যাপ যদি চান তাহলে টুলবক্স বাই পেপারক্লিপ অপরিহার্য।
৪. ব্ল্যাকম্যাজিক ক্যামেরা
এই অ্যাপটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুর্দান্ত একটি টুল। আইফোন ভিডিওগ্রাফিতে সেরা হলেও, ডিফল্ট ক্যামেরা অ্যাপে ম্যানুয়াল কন্ট্রোল নেই। আইএসও, হোয়াইট ব্যালেন্স, ফোকাস কিছুই হাতে নিয়ন্ত্রণ করা যায় না। ব্ল্যাকম্যাজিক ক্যামেরা সেই সুযোগগুলো পুরোপুরি বিনামূল্যেই দিয়ে দেয়।
আরেকটি সুবিধা হলো পছন্দের লেন্স ব্যবহার করা যায়। মানে হচ্ছে, পছন্দের কোনো লেন্স ব্যবহারের ইফেক্ট তোলা ছবিতে আনা সম্ভব। ছবি তোলার সময় আলো কম হলে আইফোন স্বয়ংক্রিয়ভাবে ১এক্স লেন্সে চলে যায় কিন্তু ব্ল্যাকম্যাজিকে সেটা হয় না।
এ ছাড়া প্রোআরইএস র, বিল্ট-ইন এলইউটি প্রিভিউ, ফোকাস পিকিং, ম্যানুয়াল ফোকাস স্লাইডারসহ অনেক প্রো-লেভেল টুল আছে। যদি ক্রিয়েটর হন বা ক্যামেরা নিয়ে কাজ করতে ভালোবাসেন এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করা উচিত।
৫. গুগল জেমিনাই
বর্তমানে সিরিকে স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলা কঠিন। অ্যাপল নতুন আপডেটের প্রতিশ্রুতি দিলেও সেটি ২০২৬ সালের আগে আসছে না বলে ধারণা করছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার। তাই এখনও সেরা বিকল্প হলো গুগলের জেমিনাই।
জেমিনাইয়ে প্রশ্নের উত্তর ওয়েব রেজাল্ট, এআই জেনারেটেড কনটেন্ট সবই সিরির তুলনায় বেশ উন্নত। এমনকি ছবি, ভিডিও, ডেক, রেজিউমে, কোড সব তৈরি করতে পারে। গবেষণাতেও সাহায্য করে।
জেমিনাই লাইভের মাধ্যমে কথা বলে নির্দেশ দেওয়া যায়। ক্যামেরা ব্যবহার করে কোনো বস্তু দেখিয়ে প্রশ্ন করাও যায় যেমন কিছু উপকরণ দেখিয়ে জিজ্ঞেস করা, ‘এগুলো দিয়ে কী রান্না করতে পারি?’
এ অভিজ্ঞতা আইওএস-এর ভিজুয়াল ইন্টেলিজেন্সের চেয়েও বেশি কার্যকর। অবশ্য চাইলে চ্যাটজিপিটি বা পারপ্লেক্সিটিও ব্যবহার করা যায়।