২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোতলের দৈত্যটি বেরিয়ে গেছে’: এআই নিয়ে শঙ্কায় সালমান

এআই নিয়ন্ত্রণে সরকার আইন তৈরির পদক্ষেপ নিচ্ছে জানিয়ে সালমান বলেন, “প্রথাগত সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এক্ষেত্রে কাজ করবে না।”

‘বোতলের দৈত্যটি বেরিয়ে গেছে’: এআই নিয়ে শঙ্কায় সালমান
‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ নামে একটি সেবার উদ্বোধন উপলক্ষে সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 11:14 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে ক্ষতির কারণ হয় কি না, তা নিয়ে সংশয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ভবিষ্যতে এআই নিয়ন্ত্রণ করা যাবে কি না তা নিয়েও ভাবছেন তিনি।

এরই মধ্যে যা হওয়ার হয়ে গেছে বিষয়টি বোঝাতে গিয়ে তিনি আরব্য রজনীর রূপকথা আলাদিনের দৈত্যের উদাহরণ টেনে বলেছেন, ‘দৈত্য বোতলের বাইরে বের হয়ে গেছে’।

 ‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ নামে একটি সেবার উদ্বোধন উপলক্ষে সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সালমান বলেন, “এআই ইতিবাচক হিসেবে বলা হলেও এর ঝুঁকিগুলোও প্রবল। এটা যে গতিতে ছড়াচ্ছে সেভাবে সমাধানগুলো পাওয়া যাচ্ছে না।”

সরকার এআই নিয়ন্ত্রণে আমরা আইন তৈরির পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “কিন্তু আমি নিশ্চিত না যে, এভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আমার মনে হয় ‘দ্য জিনি ইজ আউট অব দ্য বোটল’। এখন এটা প্রকাশ্য এবং খুবই দ্রুত গতিতে বিস্তার লাভ করছে।

“আমাদের খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথাগত সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এক্ষেত্রে কাজ করবে না।”

সবারই এ বিষয়টি নিয়ে ভাবা উচিত মন্তব্য করে তিনি বলেন, “আইনস্টাইনের আইকিউ ছিল ১৫৫। সাধারণ মানুষের আইকিউ ৯০ থেকে একশর মধ্যে। হয়ত এই কক্ষের কারও কারও আইকিউ ১১০ থেকে ১২০ হতে পারে। এই সময়ে চ্যাট জিপিটির আইকিউ হচ্ছে ১৫০। 

“এই বছরের ডিসেম্বরের মধ্যে যে চ্যাট জিপিটি- ৪ আসছে তার আইকিউ হবে বর্তমানের চেয়ে ১০ গুণ। মানে তার আইকিউ হবে দেড় হাজার, যা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি। এআইর কারণে মানুষ কাজ হারাবে কি না এই আলোচনাও শুরু হয়েছে।”

চার থেকে পাঁচ বছরের চেষ্টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠ্যতে কোডিং যুক্ত করার বিষয়টি তুলে ধরে সালমান বলেন, “কিন্তু এখন লোকেরা বলছে, এআইয়ের যুগে কোডিং শেখার কোনো প্রয়োজনীয়তাই নেই। 

“এআই যেভাবে আসছে তাতে প্রথমে কাজ হারাবেন প্রোগ্রামাররা। কারণ, এআই যেভাবে প্রোগ্রামিং করতে পারবে তাতে ক্লাসে কোডিং শেখা কোনো কাজে আসবে না।”

এআইর একটা বিরাট ঝুঁকি আছে জানিয়ে তিনি বলেন, “আপনারা ডিপ ফেইকের কথা শুনেছেন। আমার কথা, আমার আঙুলের ছাপ, বায়োমেট্রিক সবকিছু তৈরি করা সম্ভব হচ্ছে। 

“এখন আমাদের সবকিছু ডিজিটালাইজড, আমার ব্যাংকিংয়ের সব কিছু মোবাইলে। আমার মোবাইল হ্যাকড হয়ে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ ফেইক প্রযুক্তি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। এখানে আমার কিছুই করার থাকবে না।”

মানুষ এগুলোকে সুরক্ষিত করতে কাজ করছে জানিয়ে সালমান বলেন, “কিন্তু এখনও এর ফুলপ্রুফ সিকিউরিটি নিশ্চিত করতে পারেনি কেউ। এআই এবং সমস্যাগুলো দ্রুতগতিতে ছড়াচ্ছে, কিন্তু সমাধানগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না।”

এআই নিয়ে আইনের বিষয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা কাজ করছি এআইর থ্রেট কী কী সেটা খুঁজে বের করার জন্য। 

“এটার যেমন সম্ভাবনা আছে তেমন কিন্তু মারাত্মক ঝুঁকিও আছে। এই সিকিউরিটি থ্রেটগুলো কী আছে সেটা শনাক্ত করে আমরা একটা আউটলাইন করেছি। আমরা এটা কেবিনেটে নিয়ে আসব। এআই আইনটা সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারব।”