মঙ্গল মিশনের জন্য প্রাইভেট কোম্পানিদের গবেষণার নির্দেশ নাসার
‘মার্স স্যাম্পল রিটার্ন’ নামে মূল পরিকল্পনাটি প্রায় বাতিল হয়ে যাওয়ার বাস্তবতায় বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন প্রাইভেট স্পেস কোম্পানি দিয়ে মিশন পরিচালনার লক্ষ্যস্থির করেছে নাসা।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থার আগ্রহের কেন্দ্রে আছে মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা। তবে, এই গতানুগতিক ধারা পরিবর্তনের চেষ্টা করছে নাসা।
সম্প্রতি বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে ডজনখানেক গবেষণামূলক কাজ করার নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। এর লক্ষ্য হল, ভবিষ্যতে লাল রঙের গ্রহটিতে বাণিজ্যিক মিশন পরিচালনায় ভূমিকা রাখা।
একই মাসে দ্বিতীয়বার মঙ্গল গ্রহে মিশন পরিচালনায় বাণিজ্যিক সহায়তার ইচ্ছা প্রকাশ করল নাসা, যেখানে ‘মার্স স্যাম্পল রিটার্ন’ নামে পরিচিত তাদের মূল পরিকল্পনাটি প্রায় বাতিল হয়ে গেছে। আর এর বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন প্রাইভেট স্পেস কোম্পানি দিয়ে মিশন পরিচালনার লক্ষ্যস্থির করেছে সংস্থাটি।
এই ১২টি ‘কনসেপ্ট স্টুডিও’ নিয়ে কাজ করতে মোট নয়টি কোম্পানিকে বাছাই করা হয়েছে। এর লক্ষ্য, মঙ্গল গ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে কোম্পানিগুলো কীভাবে সাহায্য করতে পারে, সেটি নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে রকেটের পেলোড সরবরাহ থেকে শুরু করে গ্রহের ছবি তোলা এমনকি যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করার বিষয়টিও।
প্রতিটি গবেষণার বাজেট কম (দুই থেকে তিন লাখ ডলারের মধ্যে) হলেও এগুলো বাণিজ্যিক প্রযুক্তির খরচ, ঝুঁকি ও সম্ভাব্যতা বোঝার ক্ষেত্রে নাসার জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
গবেষণার জন্য বাছাই হওয়া কোম্পানিগুলোর মধ্যে ‘লকহিড মার্টিন’, ‘ইমপালস স্পেস’ ও ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’ পেয়েছে ছোট পেলোড সরবরাহ ও হোস্টিং পরিষেবার কাজ; ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়ান্স’, ‘ব্লু অরিজিন’ ও ‘অ্যাস্ট্রবটিক’ পেয়েছে বড় পেলোড সরবরাহ ও হোস্টিং পরিষেবার কাজ; ‘আলবেডো’, ‘রেডওয়্যার স্পেস’ ও ‘অ্যাস্ট্রবটিক ফর মার্স’ পেয়েছে মঙ্গলের পৃষ্ঠের ছবি তোলার কাজ; আর স্পেসএক্স, লকহিড মার্টিন ও ব্লু অরিজিন পেয়েছে পরবর্তী প্রজন্মের ‘রিলে সিরিজ’ তৈরির কাজ।
এই পরিকল্পনাটির মিল রয়েছে নাসার ‘কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস (সিএলপিএস)’ প্রকল্পের সঙ্গে, যখন চাঁদে পেলোড পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে বড় বড় চুক্তি করেছিল সংস্থাটি।
