১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে ‘এআই ভিডিও’র সামাজিক মাধ্যম অ্যাপ

টিকটকের মত ওই অ্যাপটিতেও থাকবে ভার্টিক্যাল ভিডিও ফিড আর সোয়াইপ করে স্ক্রল করার সুবিধা।

আসছে ‘এআই ভিডিও’র সামাজিক মাধ্যম অ্যাপ
অ্যাপটিতে কেবল এআই জেনারেটেড কনটেন্ট থাকবে। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবার ঝুঁকছে সামাজিক মাধ্যমের দিকে। কোম্পানিটির আসন্ন সোরা ২ ভিডিও মডেল নিয়ে আসছে একটি স্বতন্ত্র সোশাল অ্যাপ। এটি দেখতে অনেকটা টিকটকের মতোই। 

প্রযুক্রি সাইট ওয়্যার্ড এর প্রতিবেদন অনুযায়ী, টিকটকের মতো এই অ্যাপটিতেও থাকবে ভার্টিক্যাল ভিডিও ফিড আর সোয়াইপ করে স্ক্রল করার সুবিধা।

তবে বড় পার্থক্য হলো অ্যাপটিতে কেবল এআই জেনারেটেড কনটেন্ট থাকবে ব্যবহারকারীরা নিজের ফোন থেকে কোনো ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন না।

শুরুতে সোরা ২ অ্যাপের ভেতরে সর্বোচ্চ ১০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ক্লিপ বানানো যাবে। বাইরে এর সীমাবদ্ধতা কতটুকু হবে তা এখনো স্পষ্ট নয়। সেই তুলনায় টিকটকও শুরুতে ১৫ সেকেন্ডের ভিডিওর অনুমতি দিয়েছিল যা এখন বেড়ে ১০ মিনিট পর্যন্ত হয়েছে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, অ্যাপটিতে থাকছে আইডেন্টিটি ভেরিফিকেশন টুল। ব্যবহারকারী চাইলে তাদের চেহারা পরিচিতি ভিডিওতে ব্যবহার করার অনুমতি দিতে পারবেন। এর ফলে অন্যরা রিমিক্স করার সময় সেই ব্যবহারকারীকে ট্যাগ করতে পারবে এবং তার চেহারা যুক্ত করতে পারবে। 

নিরাপত্তার জন্য, ওপেনএআই প্রতিবার ব্যবহারকারীর চেহারা ব্যবহারের সঙ্গে সঙ্গেই একটি নোটিফিকেশন পাঠাবে, এমনকি যদি অ্যাপে ভিডিও প্রকাশ না করা হয় তবুও। 

তবে কপিরাইট রক্ষায় কিছু ভিডিও বানাতে অস্বীকার করবে এই সফটওয়্যার। ওয়্যার্ড লিখেছে, সীমাবদ্ধতাগুলো কতটা কার্যকর হবে তা এখনো পরিষ্কার নয়।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ওপেনএআই একটি ‘অপ্ট আউট’ ব্যবস্থা রাখবে যাতে কেও চাইলে তার কনটেন্ট সোরা ২ এর ভিডিওতে ব্যবহার না করার অনুরোধ করতে পারেন।

ওপেনএআই কেন সামাজিক মাধ্যমের দিকে ঝুঁকছে? উত্তরে ওয়্যার্ড লিখেছে, এর পেছনে আছে টিকটকের মার্কিন ব্যবসা নিয়ে অনিশ্চয়তা। ডনাল্ড ট্রাম্প বারবার টিকটকের মার্কিন ব্যবসা আমেরিকার হাতে আনার সময়সীমা পিছিয়েছেন। 

সেই সুযোগে ওপেনএআই মনে করছে, সোরাতে সোশাল ফিচার যোগ করলে ব্যবহারকারীরা অন্য কোনো মডেলে যেতে চাইবেন না কারণ অ্যাপ ঘিরে যে কমিউনিটি তৈরি হবে সেটি ছেড়ে যাওয়াটা কঠিন হয়ে পড়বে।