২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রপিকের ক্লড এআই রাখবে পুরোনো আলাপের স্মৃতি

এটি এখনো ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো স্থায়ী মেমরি ফিচার নয়। ক্লড কেবল তখনই পূর্বের চ্যাট খুঁজে এনে দেবে যখন ব্যবহারকারী তা চাইবেন।

অ্যানথ্রপিকের ক্লড এআই রাখবে পুরোনো আলাপের স্মৃতি
ফিচারটি ওয়েব, ডেস্কটপ ও মোবাইল সব প্ল্যাটফর্মেই কাজ করবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 03:07 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ক্লড চ্যাটবটের জন্য বহুল প্রতীক্ষিত ‘মেমরি’ ফিচার উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রপিক।

সোমবার ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, একজন ব্যবহারকারী ছুটির আগে ক্লডের সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তা জানতে চাইলে চ্যাটবটটি আগের আলাপ খুঁজে পড়ে এবং সেগুলোর সারাংশ দেয়। এরপর একই বিষয়ে আরও কাজ করতে চায় কিনা জিজ্ঞেস করে। 

অ্যানথ্রপিক লিখেছে, “আর কখনও কাজের পথ হারাবেন না। এখন ক্লড আগের কথোপকথন মনে রাখতে পারে, ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারবেন এবং নতুন করে শুরু না করেই আগের ধারণাগুলোর ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নিতে পারবেন।”

ফিচারটি ওয়েব, ডেস্কটপ ও মোবাইল সব প্ল্যাটফর্মেই কাজ করে এবং ভিন্ন ভিন্ন বিষয়ে কাজের ক্ষেত্র আলাদাভাবে সংরক্ষণ করতে পারে। সোমবার থেকে এটি ক্লড ম্যাক্স, টিম এবং এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন পর্যায়ে চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

ব্যবহার করতে হলে প্রোফাইল মেনুর সেটিংয়ে গিয়ে ‘সার্চ অ্যান্ড রেফারেন্স চ্যাট’ অপশন চালু করতে হবে। কোম্পানির মতে শীঘ্রই অন্যান্য প্ল্যানেও এই সুবিধা যুক্ত হবে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে, এটি এখনো ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো স্থায়ী মেমরি ফিচার নয়। ক্লড কেবল যখন ব্যবহারকারী তা চাইবেন তখনই পূর্বের আলাপ খুঁজে এনে রেফারেন্স দেবে।

এ ছাড়া অ্যানথ্রপিকের মুখপাত্র রায়ান ডোনেগান বলেছেন, এটি ব্যবহারকারীর কোনো প্রোফাইল তৈরি করে না।

অ্যানথ্রপিক ও ওপেনএআই বেশ কিছুদিন ধরে এআই দৌড়ে মুখোমুখি প্রতিযোগিতা করছে। যেখানে তারা ভয়েস মোড, বড় কনটেক্সট উইন্ডো এবং সাবস্ক্রিপশনে নতুন ধাপের মতো ফিচার আনছে এবং ক্রমবর্ধমান বিনিয়োগ সংগ্রহ করছে।

গত সপ্তাহে ওপেনএআই জিপিটি-৫ উন্মোচন করেছে, আর অ্যানথ্রপিক বর্তমানে এমন একটি ফান্ডিং রাউন্ড শেষ করার চেষ্টা করছে যা সম্পন্ন হলে তাদের মূল্য ১৭ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে।

মেমরি ফিচারকে এখন শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো ব্যবহারকারীদের নিজেদের চ্যাটবট প্ল্যাটফর্মে ধরে রাখার এবং তাদের সম্পৃক্ততা বাড়ানোর অন্যতম কৌশল হিসেবে দেখছে। এতে প্ল্যাটফর্মের ওপর ব্যবহারকারীর নির্ভরশীলতা বেড়ে যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চ্যাটবটের মেমরি ফিচার নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে। চ্যাটজিপিটি ব্যবহারকারীর পূর্বের কথোপকথনের রেফারেন্স দেওয়ায় যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। 

বিতর্কিতভাবে কিছু ব্যবহারকারী এটিকে থেরাপিস্টের মতো ব্যবহার করছেন, আবার কারও কারও মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে যা কেউ কেউ ‘চ্যাটজিপিটি সাইকোসিস’ বলেও উল্লেখ করছেন।