‘গ্রুমিং চক্র’ ঠেকাতে এআই ব্যবহার করছে যুক্তরাজ্য পুলিশ
বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ১৩টি পুলিশ বাহিনী এসব অ্যাপ ব্যবহার করছে এবং ধারণা করা হচ্ছে, এসব অ্যাপ এরইমধ্যে সাড়ে ১২ হাজার বার ব্যবহার হয়েছে।
গ্রুমিং চক্র ঠেকানোর জন্য সব পুলিশ বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহার করছে যুক্তরাজ্য।
গ্রুমিং গ্যাং বলতে এমন গোষ্ঠীকে বোঝায়, যারা কমবয়সীদেরকে ধীরে ধীরে বিশ্বাস করিয়ে তাদের শারীরিক, মানসিক বা যৌন নিপীড়নের ফাঁদে ফেলে। ইংল্যান্ড ও ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীর কর্মকর্তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, যা তাদের গ্রুমিং চক্র ও অন্যান্য অপরাধ তদন্তে সাহায্য করবে।
এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার ‘ট্যাকলিং অর্গানাইজড এক্সপ্লয়েটেশন’ বা টিওইএক্স নামের এক বিশেষ প্রোগ্রামে চার লাখ ২৬ হাজার পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
শিশুদের ব্যবহার করে মাদক পাচার, শিশুদের যৌন নিপীড়ন বা জোরপূর্বক কাজ করানোর মতো জটিল বিভিন্ন মামলার তদন্তে সাধারণত পুলিশকে সহায়তা করেন গোয়েন্দা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ১৩টি পুলিশ বাহিনী এসব অ্যাপ ব্যবহার করছে এবং ধারণা করা হচ্ছে, এসব অ্যাপ এরইমধ্যে সাড়ে ১২ হাজার বার ব্যবহৃত হয়েছে। ফলে তদন্তকারীরা ১৬ হাজার ঘণ্টার বেশি সময় বাঁচাতে পেরেছেন এবং এতে দুই কোটি পাউন্ডেরও বেশি অর্থ সাশ্রয় হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রযুক্তি ব্যবহারের ঘোষণাটি এসেছে যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য ব্যারোনেস কেসির এক সুপারিশের পর। জুনে প্রকাশিত এক পর্যালোচনায় গ্রুমিং চক্র নিয়ে আগের পুরানো বিভিন্ন তদন্ত আবার নতুন করে খতিয়ে দেখতে দেশের সব পুলিশ মিলে কাজ করুক– এমন পরামর্শ দিয়েছিলেন কেসি।
এরপর ‘অপারেশন বিকনপোর্ট’ নামের বিশেষ অভিযান শুরু হয়েছে, যেটি পরিচালনা করছে ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ বা এনসিএ। এ অভিযানের অধীনে এক হাজার দুইশোটিরও বেশি বন্ধ হয়ে যাওয়া শিশু যৌন নিপীড়নের মামলা আবার খতিয়ে দেখবে সরকার।
সুরক্ষাবিষয়ক মন্ত্রী জেস ফিলিপস বলেছেন, “গ্রুমিং চক্রের মাধ্যমে শিশুদের নিপীড়ন হচ্ছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি। আমাদের উচিত এ অপরাধীদের শাস্তি দেওয়া, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া মানুষদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং আজকের শিশুদের এ ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা।”
চালু হওয়া এ প্রযুক্তি পুলিশের জব্দ করা মোবাইল ফোন থেকে বিদেশী ভাষায় লেখা অনুবাদ করতে এবং বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজনদের মধ্যে সম্পর্ক ও আচরণের ধরণ খুঁজে বের করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এদিকে, এনসিএ’র পরিচালক জেনারেল গ্রেইম বিগার বলেছেন, গত জুন থেকে শুরু হওয়া জাতীয় পুলিশ অভিযানের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল ভুক্তভোগী ও তাদের পরিবারের মধ্যে আস্থা ফিরিয়ে আনা।
সরকার এ শিশু নিপীড়নের ঘটনা নিয়ে জাতীয় পর্যায়ের তদন্ত শুরু করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
