২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তিতে মাস্কের গ্রক

এক্সএআই বলেছে, ২০ কোটি ডলারের এ চুক্তিটি তার ‘গ্রক ফর গভর্নমেন্ট’ প্রোগ্রামের অংশ, যেখানে ট্রাম্প প্রশাসন চাইছে সরকার যেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও দ্রুত এবং জোরালোভাবে গ্রহণ করে।

পেন্টাগনের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তিতে মাস্কের গ্রক
এত বিপর্যয়ের পরও মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই সরকারি কাজ বাড়াতে চলেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 02:58 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট গ্রক ব্যবহারের জন্য স্টার্টআপটির সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগ সরকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের বড় এক পরিকল্পনার অংশ।

সোমবার ঘোষণায় এক্সএআই বলেছে, ২০ কোটি ডলারের এ চুক্তিটি তার ‘গ্রক ফর গভর্নমেন্ট’ প্রোগ্রামের অংশ, যেখানে ট্রাম্প প্রশাসন চাইছে সরকার যেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আরও দ্রুত এবং জোরালোভাবে গ্রহণ করে।

কয়েক দিন আগেই মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অ্যাডলফ হিটলারের প্রশংসাসহ ইহুদিবিরোধী মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে গ্রক চ্যাটবট, যার কিছুদিন পরই পেন্টাগনের সঙ্গে চুক্তির ঘোষণা এল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

মাস্ক বলেছেন, চ্যাটবটটি ছিল ‘অতিরিক্ত বাধ্য’ ও ‘সবাইকে খুশি করতে আগ্রহী’। তবে এ সমস্যা সমাধানের কাজ চলছে।

মাস্কের কোম্পানি এক্সএআই বলেছে, এ নতুন চুক্তির মাধ্যমে চ্যাটবটটির সর্বশেষ সংস্করণ গ্রক-৪ ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বিভাগ। একইসঙ্গে জাতীয় নিরাপত্তা কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি কাস্টম টুলও সরবরাহ করবে তারা।

কোম্পানিটি গোপন বা বিশেষ পরিবেশের জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনাও করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

পেন্টাগন আরও বলেছে, এআই স্টার্টআপ অ্যানথ্রপিক, মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও ওপেনএআইয়ের মতো অন্যান্য কোম্পানির কাছেও একই রকম চুক্তি দেবে তারা, যার প্রত্যেকটির সর্বোচ্চ মূল্য হবে ২০ কোটি ডলার।

প্রশাসনের প্রধান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মকর্তা ডৌগ ম্যাটি বলেছেন, “এআই গ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা দপ্তর আমাদের যোদ্ধাদের সমর্থনের সক্ষমতায় পরিবর্তন আনছে এবং আমাদের শত্রুদের ওপর কৌশলগত সুবিধা বজায় রাখতে সাহায্য করছে।”

মাস্কের সরকারি অংশীদারিত্ব এমন সময় বাড়ছে যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হোয়াইট হাউজে ফিরতে সাহায্যের জন্য প্রায় ২৫ কোটি ডলার খরচ করেছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক। পাশাপাশি সক্রিয়ভাবে ট্রাম্পের পক্ষে প্রচারণাও চালিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডজ চালানোর জন্য নিয়োগ দেন ট্রাম্প, যেটি ফেডারেল খরচ কমানোর উদ্যোগ ও মার্কিন সরকারের আকার ছোট করার কাজ করেছে।

তবে গত কয়েক মাসে প্রকাশ্যে ট্রাম্পের তৈরি “বিগ বিউটিফুল বিল” নামের একটি বড় ব্যয় ও কর কাটছাঁট সংক্রান্ত আইনের সমালোচনা করতে শুরু করেন মাস্ক। টেসলা প্রধানের ধারণা, ট্রাম্পের এ নতুন আইন আমেরিকানদের জন্য খুব বেশি খরচসাপেক্ষ।

মে মাসে ডজ থেকে পদত্যাগ করেছেন মাস্ক। তবে বিভাগটি আনুষ্ঠানিকভাবে এখনও ভেঙে দেওয়া হয়নি।

তারপর থেকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ডজ ব্যবহার করে মাস্কের বিভিন্ন কোম্পানির ক্ষতি করা যেতে পারে। মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বের করেও দিতে পারেন তিনি। তবে মাস্ক একজন মার্কিন নাগরিক ও তার জন্ম দক্ষিণ আফ্রিকায়। কানাডিয়ান নাগরিকত্বও রয়েছে তার।

এত বিপর্যয়ের পরও মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই সরকারি কাজ বাড়াতে চলেছে। নতুন ঘোষিত চুক্তিটি হয়ত সেই তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ার পথও খুলে দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

২০২৩ সালের শেষ দিকে গ্রক-এর সঙ্গে পরিচয় করিয়েছিলেন মাস্ক, যা অন্যান্য এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটির চেয়ে বেশি অবাধ ও সরাসরি কথোপকথনের বিকল্প হিসেবে চালু করা হয়েছিল। এরইমধ্যে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর সঙ্গে একীভূত রয়েছে গ্রক।