২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পর ‘উইন্ডোজ ব্লু স্ক্রিনকে’ বিদায় জানাল মাইক্রোসফট

বিল গেটস নিজেও অনুষ্ঠানের মঞ্চে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেখানোর সময় এর মুখোমুখি হয়েছেন।

৪০ বছর পর ‘উইন্ডোজ ব্লু স্ক্রিনকে’ বিদায় জানাল মাইক্রোসফট
এই পরিবর্তনে রিস্টার্টে অপেক্ষার সময় দুই সেকেন্ডে নেমে আসবে। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

প্রায় ৪০ বছর পর কুখ্যাত ‘উইন্ডোজ ব্লু স্ক্রিন অফ ডেথ’ থেকে মুক্তি পেতে যাচ্ছে মাইক্রোসফট। 

বেশিরভাগ উইন্ডোজ ব্যবহারকারীই হয়ত কোনো এক জরুরি মুহুর্তে এই ব্লু স্ক্রিন ও ‘রিকভারি’ বার্তাটির মুখোমুখি হয়েছেন। বিল গেটস নিজেও অনুষ্ঠানের মঞ্চে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেখানোর সময় এর মুখোমুখি হয়েছেন।

এবার এই সফটওয়্যার কোম্পানিটি ঘোষণা করেছে এখন থেকে এর পরিবর্তে একটি সহজ ইউজার ইন্টারফেস চালু করবে যা একটি ‘ব্ল্যাক স্ক্রিন অফ ডেথ’।

সাইবার নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইকের ত্রুটিপূর্ণ আপডেটের পর বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের প্রায় এক বছর পর এই সিস্টেম চালু হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট। 

বিশ্বব্যাপী উইন্ডোজ ব্যবহার করা এয়ারলাইন কোম্পানি, হাসপাতাল, জরুরি পরিষেবা ও ব্যাংকগুলো এর প্রভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং লাখ লাখ ব্যবহারকারী অফলাইনে চলে গিয়েছিলেন।

এতে ৮৫ লাখ উইন্ডোজ সিস্টেম ক্র্যাশ করে। যার ফলে বিভিন্ন কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার হারায়। এ ঘটনার পর মাইক্রোসফট তার সাইবার আঘাত নেওয়ার সক্ষমতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিল।

মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও ওএস সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন এক ব্লগ পোস্টে বলেন, “আমরা অপ্রত্যাশিত রিস্টার্টের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলছি।”

“আমরা ‘কুইক মেশিন রিকভারি’ও আনছি, এটি এমন এক পদ্ধতি যা সহজে রিস্টার্ট হতে পারে না এমন পিসির জন্য প্রযোজ্য। এই পরিবর্তন একটি চলমান প্রচেষ্টার অংশ যার লক্ষ্য অপ্রত্যাশিত রিস্টার্টের ক্ষেত্রে বিঘ্নতা কমানো।”

নতুন রিকভারি সিস্টেমটি এই গ্রীষ্মের শেষের দিকে সব উইন্ডোজ ১১ ২৪এইচ২ ডিভাইসে চালু হবে বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি। 

মাইক্রোসফটের মতে এই পরিবর্তনের ফলে বেশিরভাগ ব্যবহারকারীর জন্য রিস্টার্টে অপেক্ষার সময় দুই সেকেন্ডে নেমে আসবে।

“এটি মূলত স্বচ্ছতা আনার ও আরও ভালো তথ্য দেওয়ার প্রচেষ্টা এবং আমাদের ও গ্রাহকদের সমস্যার মূল বিষয়টি বুঝতে সাহায্য করে যেন আমরা এটি দ্রুত সমাধান করতে পারি”, ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েস্টন বলেন। 

“এর একটি অংশ হলো আরও পরিষ্কার তথ্য দেওয়া ঠিক কী ভুল হয়েছে, উইন্ডোজ সমস্যাজনিত নাকি কোনো নির্দিষ্ট কম্পোনেন্টের।”

মাইক্রোসফটের ডেভেলপার রেমন্ড চেন একটি ব্লগ পোস্টে লিখেছেন এই ‘ব্লু স্ক্রিনটি’ ৯০ এর দশকের গোড়ার দিকে তৈরি করা হয়েছিল।