অ্যানথ্রপিক আনল নতুন এআই মডেল ‘ক্লড সনেট ৪.৫’
মডেলটি কোডিং, কম্পিউটার ব্যবহার এবং সাইবার সিকিউরিটি, ফাইন্যান্স ও গবেষণার মতো বিশেষায়িত খাতে আগের যেকোনো ভার্সনের চেয়ে আরও দক্ষ।
অ্যানথ্রপিক তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড সনেট ৪.৫ উন্মোচনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটির দাবি, এই মডেল কোডিং, কম্পিউটার ব্যবহার, ব্যবসায়িক প্রয়োজনে কাজ করা এবং সাইবার সিকিউরিটি, ফাইন্যান্স ও গবেষণার মতো বিশেষায়িত খাতে আগের যে কোনো ভার্সনের চেয়ে আরও দক্ষ।
অ্যামাজন সমর্থিত এই স্টার্টআপের মূল্য বর্তমানে ১৮ হাজার তিনশ কোটি ডলার। নতুন মডেলটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
অ্যানথ্রপিক বলছে, ক্লড সনেট ৪.৫ হলো বিশ্বের সেরা কোডিং মডেল। এটি এসডব্লিউই বেঞ্চ ভেরিভায়েড এর মতো ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কে প্রমাণিত হয়েছে।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞান কর্মকর্তা জ্যারেড কাপলান এক সাক্ষাৎকারে বলেন, “মানুষ বুঝতে পারছে এই মডেল শুধু স্মার্টই নয় বরং সহকর্মীর মতো। সমস্যার সমাধান করতে গিয়ে এর সঙ্গে কাজ করাটা অনেক মজার।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, নতুন মডেলটি আগের তুলনায় উন্নতমানের কোড তৈরি করতে পারে, কোডের ত্রুটি চিহ্নিত করে এবং নির্দেশনা আরও নির্ভরযোগ্যভাবে অনুসরণ করে। গত অগাস্টে ক্লড ওপাস ৪.১ উন্মোচিত হওয়ার পর ক্লড সনেট ৪.৫ এলো। এটি এআই ইন্ডাস্ট্রির দ্রুত উদ্ভাবনী গতির আরেকটি বড় উদাহরণ।
২০২১ সালে ওপেনএআইয়ের একদল সাবেক গবেষকের হাত ধরে অ্যানথ্রপিক প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই এই দুই কোম্পানি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ওপেনএআই ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর মাধ্যমে জেনারেটিভ এআই-এর বিপ্লব শুরু করে।
বর্তমানে ওপেনএআইয়ের মূল্য ৫০ হাজার কোটি ডলার। গত অগাস্টে তারা উন্মোচন করেছে জিপিটি ৫। তবে এটি উন্মোচনের পর কিছু সমস্যার কারণে ব্যবহারকারীদের অভিযোগও উঠেছে।
অ্যানথ্রপিকের প্রধান প্রোডাক্ট অফিসার মাইক ক্রিগার বলেছেন, ক্লড সনেট ৪.৫ এখন থেকে ডিফল্ট মডেল হবে এবং “প্রায় সব ব্যবহারের ক্ষেত্রেই” এটি সুপারিশযোগ্য। তবে ব্যবহারকারীদের জন্য বিকল্পও রাখা হয়েছে। পেইড সাবস্ক্রাইবাররা চাইলে ওপাস ব্যবহার করতে পারবেন এবং বিশেষ কিছু কাজের প্রয়োজনে পুরনো সনেট ভার্সনও বেছে নিতে পারবেন।
তিনি আরও বলেন, ক্লড সনেট ৪.৫ আকারে ছোট হলেও ক্লড ওপাস ৪.১-এর তুলনায় প্রায় সব ক্ষেত্রেই বেশি স্মার্ট। এর সবচেয়ে বড় শক্তি হলো দীর্ঘ সময় ধরে কাজ করার সক্ষমতা। ক্লড সনেট ৪.৫ টানা ৩০ ঘণ্টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ চালিয়ে যেতে পারে যেখানে ওপাস ৪ পারত মাত্র সাত ঘণ্টা।
অ্যানথ্রপিক বলছে, বিস্তৃত সেইফটি ট্রেনিংয়ের মাধ্যমে মডেলটির আচরণও উন্নত করা হয়েছে। এর ফলে প্রতারণা ও ব্যবহারকারীর মন ভোলানোর মতো সমস্যাজনক আচরণ কমেছে।
পাশাপাশি এটি এখন ‘প্রম্পট ইঞ্জেকশন’ আক্রমণ ঠেকাতে আরও শক্তিশালী হয়েছে। প্রম্পট ইঞ্জেকশনে একটি মডেলকে দিয়ে প্রতারণার মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস করানো সম্ভব হয়।
কাপলান বলেন, “গত এক থেকে দেড় বছরে নিরাপত্তায় এত বড় অগ্রগতি আর দেখা যায়নি।”
অ্যানথ্রপিক বলছে, নতুন মডেলের আরও সংস্করণ আসছে সামনে। কাপলান ইঙ্গিত দিয়েছেন, হয়তো “খুব সম্ভবত ওপাস”-এর নতুন রিলিজও আসতে পারে। তিনি আরও বলেন, “কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না তবে বছরের শেষ নাগাদ আমরা এক বা দুইটি নতুন মডেল প্রকাশ করতে পারব বলে আশা করছি।”
