এআই এজেন্টের প্রসার বাড়াতে নতুন ভিআর গ্লাস, গ্যাজেট আনল মেটা
২০১৪ সালে মেটা ২৯৯ ডলারের ‘কোয়েস্ট থ্রিএস’ বাজারে এনেছিল। এর পর এই প্রথম কোম্পানিটি কোনো নতুন ভিআর ডিভাইস আনল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অগ্রগতির ওপর জোর দিলেও নিজের স্বপ্নের মেটাভার্স প্রকল্প থেকে সরে দাঁড়াননি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। দুটি বিষয়কেই সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার নিজেদের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘মেটা কানেক্ট’-এর মঞ্চে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গ নতুন ‘মেটা ভিআর গ্লাস’ উন্মোচন করেছেন।
কোম্পানির পুরনো ‘কোয়েস্ট’ ব্রান্ডের ভিআর হেডসেটগুলোর তুলনায় এটা আকারে ছোট ও হালকা বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
মেটার সম্প্রতি প্রকাশ পাওয়া মেটার এআই এজেন্ট ‘মিউজ এআই’-এর সঙ্গে কাজের উপযোগী ‘মিউজ চার্ম’ নামে হাতের মুঠোয় রাখার মতো একটি গ্যাজেটও এনেছেন জাকারবার্গ।
‘মিউজ চার্ম’ ঠিক কী কী কাজ করবে সে বিষয়ে খুব বেশি বিশদ বিবরণ দেননি তিনি।
তবে তিনি বলেছেন, ব্যবহারকারীরা ফোন আনলক করা বা কোনো অ্যাপ খোলা ছাড়াই এ ডিভাইসের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের মেটা এআই এজেন্টের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারবেন।
ডিভাইসটির দাম কত হবে সে বিষয়েও কিছু জানাননি জাকারবার্গ।
মেটাকে এখন এর ‘যন্ত্রাংশগুলো সাজানোর কাজ চূড়ান্ত করতে হবে’ জানিয়ে জাকারবার্গ বলেছেন, তারা ‘ডিসেম্বরে ছুটির মৌসুমের আগেই ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনা করছেন’।
নতুন ডিভাইসটির প্রশংসায় জাকারবার্গ বলেছেন, “ছোট ডিভাইসটির মধ্যে আমরা অনেক প্রযুক্তি প্যাক করেছি। ফলে আপনি যদি চশমা না পরে থাকেন তবে আপনার মিউজের সঙ্গে কথা বলার ও আপনার আশপাশের পরিস্থিতি এটাকে দেখানোর এটাই হবে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম মাধ্যম।”
মেটার পুরনো কোয়েস্ট ব্রান্ডের ভিআর হেডসেটগুলোর তুলনায় স্লিম ও হালকা হলেও নতুন ‘মেটা ভিআর গ্লাস’-এর দাম কিছুটা বেশি।
আগামী ২০২৭ সালের বসন্তে বাজারে এলে ডিভাইসটির দাম পড়বে ১ হাজার ২৯৯ ডলার।
এর আগে, ২০১৪ সালে কোম্পানিটি ২৯৯ ডলারের ‘কোয়েস্ট থ্রিএস’ বাজারে এনেছিল। এর পর এই প্রথম মেটা কোনো নতুন ভিআর ডিভাইস আনল।
নতুন ভিআর গ্লাস চালনার জন্য ছোট্ট ডিস্কের মতো একটি যন্ত্র ব্যবহৃত হয়েছে, যাতে কোয়ালকমের প্রসেসর ও ব্যাটারি রয়েছে। এটা মিনি-কম্পিউটার হিসেবে কাজের পাশাপাশি চশমাটির সার্বিক ওজন ও আকার কমাতে ভূমিকা রাখবে।
পুরনো কোয়েস্ট হেডসেটের তুলনায় এই চশমা অনেক উন্নত ভিজুয়াল বা দৃশ্য দেখাবে।
এ ছাড়া এতে ব্যবহারকারীর চোখ ও হাতের নড়াচড়া ট্র্যাক করার জন্য বিশেষ সেন্সর রয়েছে। ফলে ডিভাইসটি চালাতে আলাদা কোনো কন্ট্রোলার ব্যবহারের প্রয়োজনীয়তা কমবে।
নতুন ডিভাইসটি সম্পর্কে জাকারবার্গ বলেছেন, “আমরা এক নতুন ধরনের ভিআর ডিভাইস তৈরি করেছি, যা প্রথমবারের মতো একজোড়া চশমার মতো হলেও একইসঙ্গে উপস্থিতির জাদুকরী অনুভূতি, চমৎকার নিমগ্নতা, হাই-রেজুলিউশন ডিসপ্লে ও আপনার আশপাশের চারুতার স্পষ্ট দৃশ্য উপহার দেবে।”
