গর্ভপাত, বন্দুক নিয়ন্ত্রণ ও ধর্ম সংশ্লিষ্ট তথ্য চুরি করত টিকটক?
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি, এমন অভিযোগ ক্রমাগতই নাকচ করে আসছে টিকটক। এমনকি তাদের নিষিদ্ধ করার প্রচেষ্টাকেও ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়ে আসছে কোম্পানিটি।
টিকটকের এক আপিল নাকচ করে দিয়েছে মার্কিন আদালত, যেখানে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে ব্যবহারকারীর দৃষ্টিকোণের ভিত্তিতে তথ্য সংগ্রহের অভিযোগ ছিল চীনা মালিকানাধীন কোম্পানিটির বিরুদ্ধে।
শুক্রবার মার্কিন বিচার বিভাগ এক ফেডারেল আদালতকে টিকটকের আপিল নাকচ করে দেওয়ার নির্দেশ দেয়, যেখানে অ্যাপটি নিষিদ্ধ হতে পারে এমন আইন বাতিল করে দেওয়ার অনুরোধ করেছিল কোম্পানিটি।
টিকটক নিষিদ্ধের বিধানওয়ালা নতুন আইনকে চ্যালেঞ্জ করে মে মাসে পিটিশন জমা দিয়েছিল টিকটক। আইনটিতে যুক্তরাষ্ট্রে অ্যাপের কার্যক্রম অব্যাহত রাখতে টিকটকের মালিকানা বিক্রির শর্ত ছিল। এপ্রিলে বিলটিকে আইনে পরিণত করার নথিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের আপিল বিভাগে জমা দেওয়া এক নথিতে বিচার বিভাগ দাবি করেছে, টিকটক কর্মীদের যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা ওয়েব সিস্টেম ‘লার্ক’-এ থাকা একটি সার্চ টুল দিয়ে বাইটড্যান্স এবং টিকটকের যুক্তরাষ্ট্র ও চীন অংশের কর্মীরা ব্যবহারকারীর বিশাল পরিমাণ তথ্য আদান প্রদান করার সুযোগ পেয়ে আসছে, যেখানে বন্দুক নিয়ন্ত্রণ, গর্ভপাত ও ধর্মের বিষয়ে ব্যবহারকারীর দৃষ্টিকোণের ভিত্তিতে তথ্য সংগ্রহ করেছে অ্যাপটি।
নিজস্ব ফাইলিংয়ে বিচার বিভাগ যুক্তি দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কনটেন্ট বিকৃত করতে টিকটক ব্যবহারের ঝুঁকি রয়েছে। এমনকি তাদের বিভিন্ন স্পর্শকাতর তথ্য কোম্পানিটির চীনা অংশের সার্ভারেও চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় টিকটক হুমকি, এমন অভিযোগ ক্রমাগতই নাকচ করে চীনা মালিকানাধীন অ্যাপটি। এমনকি তাদের নিষিদ্ধ করার প্রচেষ্টাকেও ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়ে আসছে কোম্পানিটি।
বিচার বিভাগের সর্বশেষ বিবৃতির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে টিকটক বলেছে, “তাদের ব্রিফিংয়ের পরও বাস্তবতা একই যে, মার্কিন সংবিধান আমাদের অ্যাপের পক্ষে।”
