নিজস্ব এআই সহকারী আনল ‘ফটো শেয়ারিং মাধ্যম’ পিন্টারেস্ট
ব্যবহারকারীরা তাদের অ্যাপে থাকা মাইক্রোফোন আইকন ব্যবহার করে ভয়েস সার্চের মাধ্যমে ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
অ্যাপে এক নতুন সুবিধা যোগ করেছে ফটো শেয়ারিং সাইট পিনটারেস্ট, যা পোশাক, ফার্নিচার ও নান্দনিক অনুপ্রেরণা খুঁজে পাওয়াকে আরও সহজ এবং ব্যক্তিস্বাতন্ত্র নির্ভর করে তুলবে বলে দাবি তাদের।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে চালিত এ নতুন ফিচারটির নাম ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’। ফিচারটি ব্যবহারকারীদের পিনটারেস্ট ব্যবহার বিশ্লেষণ করে তাদের রুচি ও পছন্দ অনুসারে সেরা পরামর্শ ও ফলাফল দেখাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ব্যবহারকারীদের নির্দিষ্ট কোনো জিনিস খোঁজার ক্ষেত্রে সাধারণত অন্যান্য সার্চ ফিচার ভাল কাজ করে। তবে পিনটারেস্ট বলছে, আরও ভালোভাবে ব্যবহারকারীদের বিভিন্ন অনুরোধ পরিচালনা করতে ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’ তৈরি করেছে তারা।
নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা কেবল বললেই হবে, ‘আমি বসার ঘরের সঙ্গে মানানসই বালিশ খুঁজছি’। এরপরই ব্যবহারকারীর জন্য নানা ফলাফল দেখাতে শুরু করবে এআই।
এ কাজটি করতে নতুন ফিচারটি প্রথমে ব্যবহারকারীর সংরক্ষিত বিভিন্ন আইটেম ও তাদের তৈরি বিভিন্ন বোর্ড দেখে নেবে। যেমন– বসার ঘর সাজানোর জন্য তৈরি অনুপ্রেরণা বোর্ড। তারপর সেগুলো ব্যবহারকারীর রুচির সঙ্গে মেলে এমন বিষয়ের সঙ্গে তুলনা করে বিশেষভাবে কাস্টমাইজ করা ভিজুয়াল ফলাফল প্রদর্শন করবে ফিচারটি।
এ নতুন ফিচারের মাল্টিমোডাল দিককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে পিনটারেস্ট। কোম্পানি বলেছে, ব্যবহারকারীরা প্রধানত তাদের অ্যাপে থাকা মাইক্রোফোন আইকন ব্যবহার করে ভয়েস সার্চের মাধ্যমে ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তারপর সেই অডিও নির্দেশনা ব্যবহার করে ভিজুয়াল কনটেন্টকে ফিল্টার ও বিশ্লেষণ করে সবচেয়ে উপযোগী ফলাফল খুঁজে বের কররে এ এআই সহকারী।
পিনটারেস্ট বলেছে, কেবল পণ্য দেখানোর বিষয়ই নয়, বরং ব্যবহারকারী হয়ত নিজে খুঁজে পেতেন না এমন পুরো প্রক্রিয়াটিই ‘মানুষ বাস্তবে যেমন শপিং করেন ঠিক সেই অভিজ্ঞতার কাছাকাছি’ এনে দিতে ফিচারটিকে তৈরি করেছে তারা।
নিজস্ব এআই ফিচার চালুর মাধ্যমে এআই কনটেন্টকে কেন্দ্র করে এক বিশেষ অবস্থানে এল পিনটারেস্ট। ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ক্রমাগত এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্টের কারণে আসল জিনিস কেনা বা বোর্ডে যোগ করা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।
ব্যবহারকারীদের জন্য ‘আসল পণ্য’ খুঁজে পাওয়া সহজ করতে মে মাসে অ্যাপটিতে এআই কনটেন্ট লেবেল শুরু করে পিনটারেস্ট। অক্টোবরের শুরুতে অ্যাপটিতে নতুন সিস্টেম যোগ করে কোম্পানিটি, যেখানে ব্যবহারকারীরা অ্যাপে দেখার জন্য এআই কনটেন্টের পরিমাণ ‘কমাতে’ পারবেন।
‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’ সেই এআই কনটেন্টের ঝামেলা দূর করার সমাধান না হলেও কোম্পানিটি বলেছে, যেসব ব্যবহারকারী এআই কনটেন্টের ভিড়ে হতাশ হয়ে পড়েছেন তাদের জন্য সহায়ক হতে পারে এই ফিচার।
বৃহস্পতিবার থেকে বিটা পর্যায়ে যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্ব ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে ফিচারটি এবং আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে আরও বড় পরিসরে চালু হবে ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’।
