Published : 06 May 2026, 01:53 PM
ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে নতুন লেবেল নিয়ে পরীক্ষা করছে মেটা। এর মাধ্যমে নির্মাতারা স্বেচ্ছায় তাদের প্রোফাইল ও পোস্টে এআই ব্যবহারের বিষয়টি স্পষ্ট করতে পারবেন।
তবে ফিচারটি আপাতত ঐচ্ছিক হওয়ায় প্ল্যাটফর্মটিতে এআই কনটেন্ট শনাক্তের চ্যালেঞ্জটি রয়েই যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
অ্যাকাউন্ট-স্তরে নতুন যে লেবেল নিয়ে ইনস্টাগ্রাম পরীক্ষা করছে তার মাধ্যমে নির্মাতারা বা ক্রিয়েটররা নিজেদেরকে ‘এআই ক্রিয়েটর’ হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পাবেন।
এ লেবেলটি নির্মাতাদের প্রোফাইলে ও অ্যাপের অন্যান্য জায়গায় তাদের পোস্ট ও রিলের পাশে স্পষ্টভাবে দেখা যাবে, যেখানে লেখা থাকবে, ‘এ প্রোফাইলটি এমন সব কনটেন্ট পোস্ট করে, যা তৈরি বা পরিবর্তন হয়েছে এআই দিয়ে’।
মেটা বলেছে, এসব নতুন লেবেলের উদ্দেশ্য ‘ইনস্টাগ্রামে এআই স্বচ্ছতার মানদণ্ড আরও উন্নত করা’, বিশেষ করে এ নতুন লেবেলের ভাষা মেটার আগের ‘এআই ইনফো’ ব্যাজের তুলনায় বেশি স্পষ্ট। আগের ব্যাজগুলোতে কেবল বলা হত, নির্দিষ্ট পোস্টটি এআই টুলের মাধ্যমে তৈরি বা এডিট করা ‘হয়ে থাকতে পারে’।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব ‘এআই ক্রিয়েটর’ লেবেল সম্পূর্ণ ঐচ্ছিক। ফলে অনেক ব্যবহারকারী এখনও এমন সব এআই কনটেন্টের মুখোমুখি হতে পারেন যেগুলোতে কেবল অস্পষ্ট ‘এআই ইনফো’ লেবেল রয়েছে বা কোনো লেবেলই নেই।
মেটার নিজস্ব ওভারসাইট বোর্ড সম্প্রতি বলেছে, এ তথ্য প্রকাশের বিষয়টি কিছুটা এলোমেলোভাবে প্রয়োগ করা হচ্ছে। কারণ, মেটার বিভিন্ন অ্যাপের মধ্য দিয়ে যেসব এআই-জেনারেটেড কনটেন্ট প্রচারিত হয় তার সবকটি নির্ভরযোগ্যভাবে শনাক্তের ক্ষমতা মেটার নেই।
এদিকে, এআই শনাক্তকরণ পদ্ধতির উন্নতির বিষয়ে বোর্ডের দেওয়া সুপারিশগুলোতে কোম্পানিটি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যারা নিয়মিত এআই কনটেন্ট পোস্ট করেন সেই নির্মাতাদের ফিচারটি ব্যবহার করতে উৎসাহিত করছে মেটা।
অ্যাপের ভেতরের এক বার্তায় বলা হয়েছে, “আপনার দর্শকরা ইনস্টাগ্রামে আসলে কী দেখছেন তা বুঝতে সাহায্য করার মাধ্যমে এ লেবেলটি বিশ্বাস তৈরি করবে।”
কোম্পানিটি যদি সত্যিই ‘বিশ্বাস তৈরি’ করতে চাইত তবে তারা এ লেবেলটি শুরু থেকেই সক্রিয় বা ডিফল্ট করে রাখতে বা এর ব্যবহার বাধ্যতামূলক করতে পারত।
এ ছাড়াও যারা ফিচারটি ব্যবহারে রাজি নয় তাদের অ্যাকাউন্টের রিচ বা প্রচার কমিয়ে দিতে পারত।
মেটা কেবল এখনকার জন্য শিথিল বা নমনীয় পথ বেছে নিয়েছে।
তবে যেহেতু এআই-জেনারেটেড কনটেন্ট আরও ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের চোখে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে, সেজন্য কোম্পানিটিকে হয়ত তাদের এআই লেবেলিং বা চিহ্নিতকরণের পদ্ধতিতে আবারও পরিবর্তন আনতে হতে পারে।