Published : 13 Oct 2022, 04:50 PM
একই সঙ্গে নতুন তিনটি ‘সারফেস’ কম্পিউটার উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন তিন কম্পিউটারের মধ্যে আছে একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট এবং একটি ডেস্কটপ পিসি।
সারফেস ট্যাবলেটের এক দশক পূর্তি উপলক্ষ্যে বুধবারে নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এক সঙ্গে ‘সারফেস ল্যাপটপ ৫’, ‘সারফেস প্রো ৯’ কনভার্টিবল ট্যাবলেট এবং অল-ইন ওয়ান পিসি ‘সারফেস স্টুডিও ২+’ দেখিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট।
সিএনবিসি জানিয়েছে, সারফেস প্রো ৯ ট্যাবলেট আর ১৩.৫ ইঞ্চি স্ক্রিনের সারফেস ল্যাপটপ ৫-উভয়েরই দাম শুরু এক হাজার ডলার থেকে। কিন্তু, সারফেস স্টুডিও ২+ এর সর্বনিম্ন দাম ধরা হয়েছে চার হাজার তিনশ ডলার।
সবগুলো ডিভাইসই চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। নির্দিষ্ট কয়েকটি বাজারে সারফেস কম্পিউটারের নতুন সংস্করণগুলোর অভিষেক হবে ২৫ অক্টোবর। ডিভাইসগুলো বিশ্ববাজারে আসবে পরের মাসগুলোতে।

সারফেস প্রো ৯
ট্যাবলেট কম্পিউটারটিকে মাইক্রোসফটের ল্যাপটপ এবং ট্যাবলেটের মাঝামাঝি কিছু বলে বর্ণনা করেছে সিএনবিসি। ডিভাইসটি চলবে ইনটেলের দ্বাদশ প্রজন্মের কোর প্রসেসরে।
১২০ হার্টজের ১৩ ইঞ্চির ডিসপ্লে আছে ডিভাইসটিতে। তবে, প্রো ৯-এর ৫জি সংস্করণে নেই কোনো থান্ডারবোল্ট পোর্ট। অর্থাৎ, ফাইল স্থানান্তরের ক্ষেত্রে থান্ডারবোল্ট পোর্টের বাড়তি গতির সুবিধা পাবেন না ক্রেতারা।
একবারের চার্জে ১৯ ঘণ্টা চলবে ট্যাবলেটটির ৫জি সংস্করণ। এর আগের সংস্করণ সারফেস প্রো ৮ একবারের চার্জে চলতো ১৬ ঘণ্টা।
স্টোরেজভেদে ডিভাইসটির দাম হবে এক হাজার ডলার থেকে এক হাজার নয়শ ডলারের মধ্যে।

সারফেস ল্যাপটপ ৫
দ্বাদশ প্রজন্মের ইনটেল কোর প্রসেসর আছে সারফেস ল্যাপটপ ৫-এও। ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি স্ক্রিনের দুটি সংস্করণে বাজারে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি। টাচস্ক্রিন আছে উভয় সংস্করণেই।
মাইক্রোসফট জানিয়েছে, একবারের চার্জে ১৭ ঘণ্টা চলবে ডিভাইসগুলো; ভিডিও কলের জন্য আছে আগের চেয়ে উন্নত ক্যামেরা।
থান্ডারবোল্ট ৪ পোর্ট আছে সারফেস ল্যাপটপ ৫-এ। এ সুবাদে আলাদা ৪কে মনিটরের সঙ্গেও সংযুক্ত করা যাবে ল্যাপটপগুলো।
সিনেমা দেখা বা টিভি শো স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার জন্য সারফেস ল্যাপটপ ৫-এ ‘ডলবি ভিশন আইকিউ’ এবং ‘ডলবি অ্যাটমস’ ফিচার রেখেছে মাইক্রোসফট।
স্টোরেজ ভেদে ডিভাইসগুলোর দাম হবে এক হাজার ডলার থেকে দুই হাজার চারশ ডলারের মধ্যে।

স্টুডিও সারফেস ২+
মাইক্রোসফট সারফেস স্টুডিও ২ পিসি উন্মোচন করেছিল ২০১৮ সালে। এর উত্তরসূরীর ভূমিকা নেবে সারফেস স্টুডিও ২+। কম্পিউটারটির ২৮ ইঞ্চির টাচস্ক্রিনটি বসানো হয়েছে একটি ‘জিরো গ্র্যাভিটি হিঞ্জ’-এর ওপর, ফলে ইচ্ছে মতো ডিসপ্লে ওপরে ওঠাতে বা নামাতে পারবেন ব্যবহারকারী।
কম্পিউটারটি চলবে একাদশ প্রজন্মের ইনটেল কোর এইচ-৩৫ প্রসেসরে। ব্যবহারকারী একইসঙ্গে ডিসপ্লেকে চারটি আলাদা অ্যাপ উইন্ডোতে বিভক্ত করে ব্যবহার করতে পারবেন।
ইউএসবি-সি পোর্ট এবং থান্ডারবোল্ট পোর্ট- দুটোই আছে অল-ইন ওয়ান কম্পিউটারটিতে। ‘ডলবি ভিশন আইকিউ’ আর ‘ডলবি অ্যাটমস’-ও আছে এতে।
তবে, আগের সংস্করণে তুলনায় সারফেস স্টুডিও ২+ এর দাম বেড়েছে ২২ শতাংশ। সারফেস স্টুডিও ২-এর দাম ছিল তিন হাজার পাঁচশ ডলার।