বাইন্যান্সের ব্লকচেইন থেকে হাপিস ৫৭ কোটি ডলারের ক্রিপ্টো
১০ কোটি সমমূল্যের টোকেন ‘উদ্ধার করা সম্ভব নয়’ ও এগুলো সরিয়ে ফেলেছে হ্যাকার। বাইন্যান্স বলছে, অবিশিষ্ট তহবিল ‘আটকে গেছে’ বিএনবি চেইনে।
সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে নিজেদের দাবি করে বাইন্যান্স। আর এরাই এবার নাম লেখালো ২০২২ সালে বড় ক্রিপ্টো চুরির কবলে পড়া সর্বশেষ কোম্পানি হিসেবে।
বৃহস্পতিবার ৫৭ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো হ্যাকিংয়ের কবলে পড়েছে বাইন্যান্স-সমর্থিত একটি ব্লকচেইন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির এক মুখপাত্র।
ঘটনা টের পাওয়ামাত্রই নিজস্ব ব্লকচেইন নেটওয়ার্ক ‘বিএনবি স্মার্ট চেইন’ অস্থায়ীভাবে বন্ধ করে দেয় বাইন্যান্স। এর কারণ হিসেবে বৃহস্পতিবারের টুইটে ‘অনিয়মিত কার্যক্রমের’ বিষয়টি উল্লেখ করে কোম্পানিটি।
শুক্রবার কোম্পানিটি বলেছে, হ্যাকাররা বাইন্যান্সের ইস্যু করা ‘বিএনবি’ ক্রিপ্টোমুদ্রার ২০ লাখ টোকেন চুরি করেছে। ঘটনার সময় এর বাজারমূল্য ছিল ৫৭ কোটি ডলার।
প্রাথমিকভাবে বাইন্যান্স সিইও সাংপেং ঝাও টুইট করেন, আনুমানিক ১০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো চুরি হয়েছে।
“আপনার তহবিল নিরাপদ আছে” --বৃহস্পতিবার রাতে টুইট করেন ঝাও। সঙ্গে যোগ করেন, “এই অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি।”
কোম্পানির ভাষ্যমতে, ১০ কোটি ডলার সমমূল্যের টোকেন ‘উদ্ধার করা সম্ভব নয়’ ও এগুলো সরিয়ে ফেলেছে হ্যাকার। অবিশিষ্ট টোকেন ‘আটকে গেছে’ বিএনবি চেইনে।
এই চুরি পরিচালনা করতে, হ্যাকাররা ‘ক্রস-চেইন’ নামে পরিচিত এক ধরনের ব্রিজকে শিকার বানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বেশ কয়েকটি ব্রিজ। এটি এক ধরনের অবকাঠামো, যা ব্যবহারকারীকে ভিন্ন ভিন্ন ব্লকচেইনের মধ্যে ‘ক্রিপ্টো সম্পদ’ বিনিময়ের সুবিধা দেয়।
ব্রিজ সেবায় সাধারণত বিভিন্ন কয়েনের বড় রিজার্ভ থাকে। ব্লকচেইন বিশ্লেষক কোম্পানি ‘এলিপটিকের’ তথ্য বলছে, এই সব কয়েন রিজার্ভ হ্যাকারদের মনোযোগ আকর্ষণের পাশাপাশি বিভিন্ন ব্লকচেইন ব্রিজকে ক্রিপ্টোচুরির প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
এলিপটিকের তথ্য অনুযায়ী, অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন ব্রিজ থেকে প্রায় একশ ৮৩ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো চুরির ঘটনা ঘটেছে, যার সিংহভাগ ঘটেছে ২০২২ সালে (একশ ২১ কোটি ডলার)।
এই বছরের কয়েকটি বড় চুরির ঘটনার মধ্যে আছে, অগাস্টে ক্রিপ্টোমুদ্রা ব্রিজ সেবাদাতা ‘নোমাড’-এর কাছ থেকে ১৯ কোটি ডলার, জুনের শেষে ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি ‘হারমোনি’র ১০ কোটি ডলার ও মার্চে অনলাইন গেইম ‘অ্যাক্সি ইনফিনিটি’র ‘রনিন’ ব্রিজ থেকে সাড়ে ৬২ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো চুরি।
সবশেষ আক্রমণের কারণে প্রায় নয় ঘন্টা অফলাইনে ছিল বিএনবি ব্লকচেইন। এই ঘটনার ‘বিস্তৃতি থামাতে’ প্রতিটি চেইনের যাচাইকারীর সঙ্গে যোগাযোগ করেছে চেইন ইকোসিস্টেম, যারা ব্লকচেইনের বিভিন্ন লেনদেন যাচাই করে। --কোম্পানি পোস্টে লিখেছেন বিএনবি।
কোম্পানির এক টুইট অনুযায়ী, পূর্বাঞ্চলীয় (নিউ ইয়র্ক) সময় শুক্রবার রাত আড়াইটায় পুনরায় চালু হয় চেইনটি।
